জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপি বিজয় র্যালি আয়োজন করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে শহরের উজির আলী হাইস্কুল মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকার স্বাধীন চত্বরে শেষ হয়।
র্যালির নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ। বিএনপি ও তার সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন। র্যালিতে বাদ্যযন্ত্র, রঙিন প্লাকার্ড ও ব্যানারের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিশেষভাবে, হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণও নজরকাড়া ছিল।
র্যালি শেষে স্বাধীন চত্বরে সংক্ষিপ্ত সভায় কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপি সভাপতি এ্যাড এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাবেক আহ্বায়ক এ্যাড এস এম মশিয়ূর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় এ্যাড এম এ মজিদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে পৃথিবীর অন্যতম স্বৈরশাসক হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের আকাশে উদিত হয় নতুন সূর্য। দুই হাজার মানুষের আত্মদানে রচিত হয়েছে ইতিহাসের মহাসোপান। স্টেকহোল্ডারদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আমরা এক।”
You must be logged in to post a comment.