প্রদীপ কুমার দেবনাথ । ।
শীঘ্রই বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) নজরুল এর নেতৃত্বে জাতীয়করণের দাবিতে যুগপৎ আন্দোলনে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। যেকোনো সময় এ আন্দোলনের ঘোষণা আসতে পারে। ইতিমধ্যে প্রত্যেকটি সংগঠন এ ব্যাপারে তাদের মত প্রকাশ করে বলেছে প্রয়োজনে তারা এসএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দিবে তবু জাতীয়করণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না।
এ ব্যাপারে বাংলাদেশ শিক্ষক সমিতি, মাদ্রাসা শিক্ষক এসোসিয়েশন, বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ, বাংলাদেশ নন গবার্ণমেন্ট টিচার্স এসোসিয়েশন, বেসরকারী শিক্ষক বদলী বাস্তবায়ন পরিষদ ঐক্যমত্য প্রকাশ করে বলেছে তারা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক লিয়াজোঁ ফোরামের মুখপাত্র নজরুল ইসলাম রনির নেতৃত্বে জাতীয়করণের দাবিতে রাজপথে শীঘ্রই আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে এবং প্রয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষা বর্জন করবে।
বিভিন্ন সংগঠনের নেতৃব্ন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের প্রতি সরকারের বিন্দুমাত্র আগ্রহ নেই। আমলারাও শিক্ষকদের ব্যাপারে উদাসীন। সরকারের নীতিনির্ধারকেরা শিক্ষকদের দৈন্যতার কথা একটিবারও ভাবেননা। তারা চান শিক্ষকরা আন্দোলনে যাক।
নেতৃবৃন্দ তাদের নিজস্ব মত প্রকাশ করে বলেন, আমরা জাতির বিবেক, জাতি গঠনের কারিগর। আমরা চাইনা কোন আন্দোলন বা কর্মসূচি যা সরকারের বিরুদ্ধে যায় অথচ সরকার আমাদের বাধ্য করছে আন্দোলনে যেতে। তারা আরও বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই না হলে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এতে কারও মঙ্গল হবেনা।
এ ব্যাপারে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক লিয়াজোঁ ফোরামের মুখপাত্র নজরুল ইসলাম রনির সাথে কথা বললে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন, প্রায় সকল শিক্ষক সংগঠন আমার সাথে যোগাযোগ করেছে। তারা আন্দোলনে যেতে চায়। আমি তাদের আশ্বস্ত করেছি এবং বলেছি সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের নীতি নির্ধারকদের সাথে কথা বলে সমাধানে না আসলে আমরা আন্দোলনে যাব।
You must be logged in to post a comment.