মাসুদ রানা, জবি।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষের অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৫ আগস্ট বেলা ১২ থেকে শুরু হবে। যা চলবে ২৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ইউনিট-১ বিজ্ঞান বিভাগ ভর্তি পরীক্ষা ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার, ইউনিট-২ মানবিক বিভাগ ভর্তি পরীক্ষা ০৬ অক্টোবর ২০১৮ শনিবার, ইউনিট-৩ বাণিজ্য বিভাগ ভর্তি পরীক্ষা ১০ অক্টোবর শনিবার। এছাড়া সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ, চারুকলা বিভাগ ও ফিল্ম ও টেলিভিশন বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংশ্লিষ্টভাবে হবে।
আসন সংখ্যা ইউনিট-১ বিজ্ঞান বিভাগে ৮২৫, ইউনিট-২ মানবিক বিভাগে ১২৭০, ইউনিট-৩ বাণিজ্য বিভাগে ও বিশেষায়িত বিভাগে ১৫০ টি।
এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ইউনিট-১ (বিজ্ঞান শাখা)-এর জন্য ন্যূনতম জিপিএ ৮.০ (তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নীচে নয়), ইউনিট-২ (মানবিক শখা)-এর জন্য ন্যূনতম জিপিএ ৭.৫ (তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নীচে নয়) এবং ইউনিট-৩ (বাণিজ্য শাখা)-এর জন্য ন্যূনতম জিপিএ ৮.০ (তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নীচে নয়) থাকতে হবে। বিশেষায়িত বিভাগের ভর্তির আবেদনের জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.০ (তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২.৫ এর নীচে নয়) থাকতে হবে।
ইউনিট-১ (বিজ্ঞান শাখা), ইউনিট-২ (মানবিক শাখা) ও ইউনিট-৩ (বাণিজ্য শখা)-তে আবেদন করার জন্য (http://admission.jnu.ac.bd) ওয়েবসাইটে লগইন করে বিকাশ / রকেট-এ সার্ভিস চার্জসহ ১০১ এবং শিওর ক্যাশ-এ সার্ভিস চার্জসহ ১০৪/- টাকা জমা প্রদান সাপেক্ষে ৫ আগস্ট বেলা ১২টা থেকে ২৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবে।
প্রাথমিক আবেদনকৃত শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরকে (৪র্থ বিষয়সহ) ভিত্তি করে লিখিত পরীক্ষার জন্য প্রথম ত্রিশ হাজার যোগ্য শিক্ষার্থীদের তালিকা (পরীক্ষার্থীর নাম ও রোল নম্বরসহ) প্রস্তুত করা হবে যা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে এবং পরীক্ষার্থীদের প্রদানকৃত মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এই শর্ত পোষ্য কোটাসহ সকল কোটার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
প্রাথমিকভাবে বাছাইকৃত পরীক্ষার্থীরা এপ্লিকেশন আইডি ব্যবহার করে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (http://admission.jnu.ac.bd) লগইন করে ছবি, স্বাক্ষর, প্রযোজ্য ক্ষেত্রে কোটার তথ্য প্রদন করে চুড়ান্ত ভাবে আবেদন করতে পারবে। চূড়ান্ত আবেদন করার পর কোন পরিবর্তন করা যাবে না। প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার জন্য বিকাশ/রকেট/শিওরক্যাশ-এ সার্ভিস চার্জসহ ৫০৫/- টাকা, ৩১ আগস্ট বেলা ১২টা থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত জমা প্রদান করতে পারবে। চূড়ান্ত আবেদনের- পর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এবং পরীক্ষার দিন অবশ্যই তা সঙ্গে নিয়ে আসতে হবে।
বিশেষায়িত বিভাগসমূহের (সংগীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম এন্ড টেলিভশন বিভাগ) জন্য কোন লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে না। শুধু বিষয়ভিত্তিক ব্যবহারিক এবং মৌখিক ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (http://admission.jnu.ac.bd) লগইন করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের সন এবং নিজের মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে এবং যোগ্য বিবেচিত হলে আবেদনকারীকে এপ্লিকেশন আইডি দেয়া হবে।
একজন শিক্ষার্থী বিশেষায়িত এই চারটির প্রতিটি বিভাগে ভর্তি পরীক্ষার আলাদাভাবে আবেদন করতে পারবেন। এপ্লিকেশন আইডি প্রাপ্ত শিক্ষার্থীরা প্রতিটি বিভাগের ভর্তি পরীক্ষায় (ব্যবহারিক এবং মৌখিক) অংশগ্রহণের জন্য বিকাশ/রকেট/ শিওরক্যাশ-এ সার্ভিস চার্জসহ ৪০৪/- টাকা, ৩১ আগস্ট বেলা ১২টা থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত জমা প্রদান করতে পারবে। চূড়ান্ত আবেদনের পর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এবং পরীক্ষার দিন অবশ্যই তা সঙ্গে নিয়ে আসতে হবে।
এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), ইংলিশ মিডিয়াম অথবা বিদেশ থেকে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ৫ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত (অফিস চলাকালীন সময়ে) কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব (রেজিস্ট্রার)-এর অফিসে যোগাযোগ করে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবে।
You must be logged in to post a comment.