কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ।।
সাতক্ষীরায় সীমান্তে অভিযান চালানোর সময় এক বিজিবি সদস্যকে পানিতে চুবিয়ে মেরেছে চোরা কারবারীরা।
শনিবার রাতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে সোনাই নদীতে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (৩২) ল্যান্স নায়েক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।তিনি সম্প্রতি কাকডাঙ্গা ক্যাম্পে যোগদান করেন।
স্থানীয়রা জানান, বাংলাদেশ ও ভারতের চোরাকারবারীরা নদীর পানির নিচ দিয়ে পণ্য আনা-নেয়ার জন্য দড়ি রেখে দেয়। এই পাশে পণ্য দড়িতে বেঁধে সেই দড়ি ওই পাশে টেনে নেয়া হয়ে থাকে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালীর ১নং পোস্টের ১৩/৩৬ আরবি’র কাছে সোনাই নদীর ধারে টহল দেওয়ার সময় চোরাকারবারীদের অবস্থান বুঝতে পারেন। এসময় তাদের তাড়া করে পণ্য উদ্ধার করতে গিয়ে পণ্যবাঁধা দড়ি ধরে ফেলেন কাকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক রফিক।
এসময় ভারতের পাশ থেকে সেখানকার চোরাকারবারীরা ভারতের দিকে দড়ি ধরে ওই পাশে টান দেন। রফিকও দড়ি ধরে বাংলাদেশের দিকে টানতে থাকেন। তখন দড়িতে জড়িয়ে নদীর মাঝ বরাবর চলে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় তার।
সাতক্ষীরার ৩৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে বিজিবি সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।
You must be logged in to post a comment.