এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভারতে যাওয়ার সময় পাঁচ রোহিঙ্গা যুবককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ ৬ জুলাই ২০১৮ শুক্রবার চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে তাঁরা আটক হন। দুপুরে তাঁদের দামুড়হুদা মডেল থানায় নেওয়া হয়।
পাসপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী, আটক পাঁচজন হলেন ফেনীর দাগনভূঞার সমসপুরের মো. হারুনের ছেলে হারেস (২২), মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর আড়িয়াল এলাকার নুরুল ইসলামের ছেলে মো. আমিন (২৪), মো. জালালের দুই ছেলে মো. আইয়াজ (২৫) ও মো. সাদেক (২৩) এবং চুয়াডাঙ্গার দর্শনা কৃষ্ণপুরের নুর ইসলামের ছেলে শাকের (২২)। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে আটক যুবকেরা জানান, তাঁদের প্রত্যেকের বাড়ি মিয়ানমারের মংডু এলাকায়। নয় মাস আগে তাঁদের পরিবার টেকনাফের কুতুপালং, কালুখালী, টেংখালী ও জামতলি শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছিল। পরে দালালের মাধ্যমে তাঁরা পাসপোর্ট তৈরি করেছিলেন। ভারতে বেড়ানোর জন্য যাচ্ছিলেন।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে আটটার দিকে ওই পাঁচজন ইমিগ্রেশন ডেস্কের সামনে এলে তাঁদের চেহারা দেখে সন্দেহ হয়। এঁদের একজনের পাসপোর্টে ঠিকানা দর্শনার কৃষ্ণপুর উল্লেখ থাকায় ওই এলাকার চেয়ারম্যান ও ইউপি সদস্যের নাম জানতে চাওয়া হয়। কিন্তু কোনো উত্তর দিতে পারেননি। একপর্যায়ে তাঁরা নিজেদের রোহিঙ্গা হিসেবে পরিচয় স্বীকার করেন। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে পাঁচজনকে দামুড়হুদা মডেল থানায় নেওয়া হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘আটক যুবকদের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া ও তাঁদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আজ রাতে অথবা কাল শনিবার সকালে একটি মামলা করা হবে। মামলার আগ পর্যন্ত পাঁচজনকেই পুলিশি হেফাজতে রাখা হবে।’
You must be logged in to post a comment.