স্টাফ রিপোর্টার।।
মাদকবিরোধী বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে চট্টগ্রাম ও কুমিল্লায় তিনজন নিহত হয়েছেন।
তবে র্যাব ও পুলিশের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম ও কুমিল্লায় পৃথক দুটি বন্দুকযুদ্ধে এই নিহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী।
র্যাব চট্টগ্রামে নিহত দুই ব্যক্তির পরিচয় জানায়নি। তবে কুমিল্লায় নিহত খোরশেদ জেলার দেবিদ্বার উপজেলার গঙ্গামন্ডল গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামে নিহত দুই
র্যাব জানায়, মহানগরীর খুলশী থানার মতিঝর্ণা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমানের ভাষ্য, গোপন খবরের ভিত্তিতে র্যাব জানতে পারে একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে। সে সূত্রে রাত দেড়টার দিকে নগরীর টাইগার পাস এলাকায় সন্দেহজনক একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দেয় র্যাব সদস্যরা।
সংকেত মেনে মাইক্রোবাসটি না থেমে টাইগার পাসের বাটালী হিলের পাহাড়ি পথে পিডব্লিও কলোনিতে ঢুকে লালখান বাজারের মতিঝর্ণায় চলে যায়। পরে র্যাব মাইক্রোবাসটি ঘিরে ফেললে এর আরোহীরা নেমে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে তারা পিছু হটে।
পরে ঘটনাস্থলে থেকে গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
কুমিল্লায় নিহত কানা খোরশেদ
এদিকে দাউদকান্দিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খোরশেদ আলম ওরফে কানা খোরশেদ (৪৮) নামের তালিকাভুক্ত এক ‘মাদক ব্যবসায়ী’ নিহতের খবর জানিয়েছে পুলিশ।
১৯ জুলাই, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দাউদকান্দির হাসানপুর সরকারি কলেজের উল্টোদিকে এ ঘটনা ঘটে।
দাউদকান্দি মডেল থানার ওসি আলমগীর হোসেনের দাবি, কুমিল্লা থেকে প্রাইভেটকারে ঢাকায় মাদকের চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি থানা পুলিশের একটি দল হাসানপুর কলেজের উল্টো দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থান নেয়। পুলিশ সদস্যরা বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।
রাত দেড়টার দিকে পুলিশ একটি প্রাইভেট গাড়ি থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা খোরশেদ ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গোলাগুলির সময় খোরশেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দাউদকান্দি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ নিয়ে গত ১৫ মে থেকে সারা দেশে মাদকবিরোধী অভিযানে অন্তত ১৪৪জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহতের খবর জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে প্রতিপক্ষের গুলিতে ৩৭জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের খবর জানিয়েছে র্যাব-পুলিশ।
You must be logged in to post a comment.