স্টাফ রিপোর্টার।।
কক্সবাজারের চকরিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কোরক বিদ্যাপীঠের হোস্টেলে ৪০ লাখ টাকা লুটপাটের অভিযোগের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।অভিযোগর তীর হোস্টেল সুপার ও হিসাবরক্ষকের বিরুদ্ধে। অর্থ আত্মসাতের বিষয় তদন্ত করার জন্য ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চকরিয়া কোরক বিদ্যাপীঠে আবাসিক হোস্টেলে চার শত ছাত্র-ছাত্রী রয়েছে বলে সূত্রে জানা যায়। হোস্টেলে ভর্তির ফি তিন হাজার ও প্রতি মাসের খাবার বিল বাবদ নেয় ৩ হাজার টাকা করে হোস্টেলে বসবাস কারি প্রত্যেক শিক্ষার্থীকে জমা দিতে হয়।
২০১৮ সালের জানুয়ারী থেকে হোস্টেল সুপারের দায়িত্ব নেন স্কুলের শিক্ষক মৌলভী নেছারুল হক। হিসাব রক্ষক পদে অনেক আগে থেকে আছে শহীদুল ইসলাম। তারা উভয়েই পরস্পরের যোগসাজসে এই পুকুর চুরিতে জড়িয়ে পড়েন।
সেই টাকা থেকে প্রতিমাসে ছাত্রদের খাবার বাবদ বাজার থেকে মিথ্যা হিসেব দেখিয়ে ৫০ হাজার টাকা করে হাতিয়ে নেন শিক্ষক নেছারুল হক। এভাবে ১৬ দফায় ৮ লাখ টাকা লুটপাট করেন। এছাড়া হোস্টেলের খাবার কেনাকাটায় দোকান থেকে বাজার করলে কমিশন বাবদ নিজের বাড়ির বাজারও করতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ।
অন্যদিকে হিসাব রক্ষক শহিদুল ইসলাম ব্যাংকের ভূয়া জমা স্লিপ দেখিয়ে বিভিন্ন সময়ে প্রায় ২২ লক্ষ টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করে। বিষয়টি জানাজানি হলে ব্যাংকের জমা রশিদ ভূয়া বলে প্রমানিত হলে তিনি স্কুল থেকে পালিয়ে যান।
আত্মসাতের সাথে জড়িত হোস্টেল সুপার ও হিসাব রক্ষক পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও তুলেন। হিসাব রক্ষক শীদুল ইসলাম জানান , হোস্টেল সুপার নেছারুল হক স্বাক্ষরের মাধ্যমে ৫০ হাজার টাকা করে ১৬ দফায় ৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।
হোস্টেল সুপার নেছারুল হক জানান, হিসাব রক্ষক শহীদুল ইসলাম প্রধান শিক্ষকের কাছে ২২ লাখ টাকা আত্মসাতের বিষয় স্বীকার করেছেন। দ্রুত সময়ের মধ্যে আত্মসাত কৃত অর্থ প্রধান শিক্ষক কে পরিশোধ করার প্রতিশ্রুতিও দেন বলে তিনি জানান ।
স্কুলের প্রধান শিক্ষক নুরুল আখের বলেন, হোস্টেলের টাকা আত্মসাতের বিষয়ে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। শীঘ্রই তদন্ত কমিটির সদস্যরা স্কুল কর্তৃপক্ষের কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন।
ওই প্রতিবেদনের পর আত্মসাতের প্রমাণ পেলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনী ব্যবস্থা ও আত্মসাত কৃত সমুদয় অর্থ ফেরত আনার কঠোর ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।
You must be logged in to post a comment.