ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের লেদ মিস্ত্রি শাহিন হত্যায় জড়িত জসিম উদ্দিন বাবু (৩৪) গ্রেপ্তার হয়েছে।
পরে তার স্বীকারোক্তিতে পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের মাঠ থেকে শাহিনের প্যান্ট, টর্চ লাইট এবং হত্যাকান্ডে ব্যবহৃত নাইলনের রশি ও ক্ষুর উদ্ধার করে পুলিশ। বাবু পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের মমিন উল্ল্যার ছেলে। এ হত্যাকান্ডের সাথে জড়িত পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান বাবুল (৩৮) কে আগেই আটক করে জেল হাজতে পাঠানো হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনিবার লেদ মিস্ত্রি শাহিনের হত্যাকারী বাবুকে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে সাথে নিয়ে পূর্ব বালিয়াডাঙ্গা মাঠ থেকে শাহিনের পরনের প্যান্ট, টর্চ রাইট এবং হত্যাকান্ডে ব্যবহৃত নাইলনের রশি ও ক্ষুর উদ্ধার করা হয়। হত্যাকারী বাবু ও বাবুল ঋণ গ্রস্থ ছিল । ঋণের টাকা পরিশোধ করতে তারা শাহিনের কাছ থেকে টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করে। বাবু ও বাবুল দুইজনেরই শাহিনের লেদের দোকানে লেনদেন ছিল। হত্যাকান্ডের কয়েক দিন আগে শাহিন বড় একটি কাজ পায়। মালামাল কেনার জন্য তার কাছে বেশ কিছু টাকা জমা ছিল।

নিহত শাহিন গত ৫ জুন শনিবার রাত ১১ টার দিকে কাজ শেষে পরদিন মালামাল কেনার জন্য টাকা নিয়ে বাড়ি ফিরছিলো । বাড়ি ফেরার পথে বাবু ও বাবুল টাকা লুট করে নিতেই শাহিনকে হত্যা করে।
উল্লেখ্য গত রোববার (৬ জুন) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা পালপাড়া রাস্তার পাশের একটি কলাক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় পুলিশ লেদ মিস্ত্রি শাহিন হোসেনের (৩০) এর লাশ উদ্ধার করে। সে বালিয়াডাঙ্গা ধানহাটা পাড়ার চাঁন আলীর ছেলে।
You must be logged in to post a comment.