ফয়সাল হাবিব সানি, স্টাফ রিপোর্টার ।।
সোশ্যাল মিডিয়ায় শেষ নবী ও শ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটূক্তি করায় রিপন মিত্র নামের একজনকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। উল্লেখ্য, মহানবীকে কটূক্তিকারী ওই রিপন মিত্র পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার দইহাড়ি গ্রামের দেবরঞ্জন মিত্রের ছেলে। তার বয়স আনুমানিক ৪০ বছর। তিনি ইনসেপ্টা ঔষধ কোম্পানির মুকসুদপুর উপজেলার বিক্রয় প্রতিনিধি ছিলেন বলে জানতে পারা যায়।
এ বিষয়ে কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত এএসপি সার্কেল আনোয়ার হোসেন ভূঁইয়া অন্যদৃষ্টি ডট কমকে জানান, রিপন মিত্র তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ০২ ডিসেম্বর মহানবী (সাঃ) কে কটূক্তিমূলক পোস্ট দেন। এতে করে মুকসুদপুর উপজেলার পৌরসভার টেং রাখলো গ্রামের মোঃ সুমন মিয়া নামের একজন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই রিপন মিত্রকে আসামী করে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে গত ৭ ডিসেম্বর রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। প্রসঙ্গত, ওই দিনই আটক রিপন মিত্রকে গোপালগঞ্জের সিনিয়র জেলা ম্যাজিস্ট্রেট বীনা দাসের আদালতে হাজির করলে তিনি নিজ দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি পেশ করেন। এমতাবস্থায়, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
You must be logged in to post a comment.