সরকার আসে-যায়, শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না: এড. আতিকুর রহমান

আব্দুল বারেক ভুঁইয়া, শরীয়তপুর
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, “এদেশে সরকার আসে, সরকার যায়; বাজেট হয়, উন্নয়ন হয়—কিন্তু শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না।” শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান বলেন, দেশের শিল্প খাত থেকে শুরু করে এমন কোনো সেক্টর নেই, যেখানে শ্রমিকদের অবদান নেই। শ্রমিকদের ঘাম ও শ্রমের ওপরই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। ব্রিটিশ আমল থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের বিভিন্ন রাজনৈতিক অর্জনের পেছনেও শ্রমিকদের জীবন ও ত্যাগ জড়িয়ে রয়েছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, “যে দেশের জন্য শ্রমিকদের এত অবদান, সেই রাষ্ট্র কি শ্রমিকদের যথাযথ মর্যাদা দিতে পেরেছে?”

তিনি আরও বলেন, দেশে এ পর্যন্ত ৫৪-৫৫টি বাজেট হয়েছে। প্রতিটি বাজেটেই উন্নয়ন ও নানা প্রতিশ্রুতির কথা বলা হলেও শ্রমিকদের জীবনযাত্রার প্রকৃত উন্নয়ন হচ্ছে না। এখনো শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য রাজপথে নামতে হয়, আন্দোলন করতে হয়। অনেক সময় আন্দোলন করতে গিয়ে শ্রমিকরা পুলিশের গুলিরও শিকার হন।

শ্রমিকদের বৈষম্যের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “সরকার ক্ষমতায় এলে তাদের দলের লোকজনের একটি পরিবারের সাত-আটজন পর্যন্ত রেশন পায়। অথচ শ্রমিক পরিবারের কেউ সেখানে রেশন পায় না। এই বৈষম্য দূর করতে হবে।”

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মো. ফরিদ হোসাইনের সভাপতিত্বে এবং সদস্য অ্যাডভোকেট তারিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মো. আজহারুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ড. মোশাররফ হোসেন মাসুদ ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী আবুল বাশার।

এ সময় সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ