রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফা (৫৭)কে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শুক্রবার সকালে গোদাগাড়ীর মহিষালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে। এ দিকে মোফার ছেলে রবিউল ইসলাম বলেন, সুপরিকল্পিতভাবে আমার বাবাকে ফাঁসানো হয়েছে। কেন না গত ৬ জুলাই আমার বাবা কাউন্সিলর মোফাজ্জল হোসেন গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন । এতে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- মাদারপুর মহল্লার মৃত মতিউর রহমানের স্ত্রী মুক্তি বেগম (৩৮), আবুল কাশেমের ছেলে আবদুর রহিম (২৬), শহিদুল ইসলামের ছেলে জয় (২২) এবং মিনা খাতুনের ছেলে নিরব আলী (২০)। তারা তাকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন বলে কাউন্সিলর জিডিতে উল্লেখ করেছেন। গ্রেপ্তার হওয়া সোহেলও এদের নাম বলেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুইজন কাউন্সিলর মোফাজ্জলের বাড়ির ছাদে উঠে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ওপর স্কচটেপ মেরে দিচ্ছিলেন। আর বাড়ির সামনে পাহারায় ছিলেন সোহেল। প্রতিবেশি এক ব্যক্তি রাতে বাড়ির বাইরে গিয়ে এসব দেখতে পান। এ সময় তিনি সোহেলকে জাপটে ধরেন। তখন ছাদ থেকে লাফ দিয়ে অন্য দুইজন পালিয়ে যান। এরপর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আটক সোহেলকে থানায় নিয়ে যায়। সোমবার দুপুরে তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এমরানুল হকের সামনে হাজির করা হলে সোহেল নিজের দোষ স্বীকার করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরানুল হক তাকে এক বছরের কারাদণ্ড দেন। পরে পুলিশ তাকে কারাগারে পাঠায়।
তিনি আরও বলেন, সম্প্রতি নিরবের মা মিনা খাতুন তার বিরুদ্ধে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। এরপর থেকেই তিনি তাকে ফাঁসানোর হুমকি দিয়ে আসছিলেন। আতঙ্কে তিনি বাড়িতে সিসি ক্যামেরা বসান। এরপর রাতে মিনারই লোকজন তার বাড়িতে মাদকদ্রব্য ফেলতে গিয়েছিল। সিসি ক্যামেরা দেখে তারা প্রথমে সেটির ওপর স্কচটেপ বসাচ্ছিল। তখনই এলাকাবাসী একজনকে আটক করে। কিন্তু মাদকদ্রব্য নিয়ে অন্য দুইজন পালিয়ে যায়।
কাউন্সিলর মোফাজ্জল তার জিডিতে উল্লেখ করেছিলেন , তার বাড়িতে মাদকদ্রব্য ফেলে দেয়ার প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও মিনা, মুক্তি, রহিম, জয় ও নিরব তাকে হুমকি দিয়েছেন, যে কোন মূহুর্তে তাকে ফাঁসানো হবে। এতে তিনি আতঙ্কিত ছিলেন।
You must be logged in to post a comment.