প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।
নাসিরনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নাসিরনগর মডেল থানার উদ্যোগে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুজব, উস্কানি ও আইন বিরোধী কার্যক্রমের নিয়ন্ত্রণের জন্য জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় সমূহ, মাদ্রাসা ও কলেজগুলোতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ প্রত্যেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিতে ছেলেধরা বা মাথা কেটে নেওয়া সংক্রান্ত গুজবে কাউকে বিভ্রান্ত না হয়ে নিয়মিত স্কুল-কলেজে যাওয়ার আহবান জানান এবং ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মানুষ হত্যার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে একটি সভায় ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে এস আই রবিউল বলেন, মিথ্যা ছেলেধরা সন্দেহে প্রাণ দিচ্ছে নিরীহ মায়েরা। তিনি ঢাকার বাড্ডায় গণপিটুনীতে নিহত তাসলিমা বেগম রেণুর কথা তুলে ধরে বলেন কত অসহায় মহিলা ছিলেন তিনি! নরপিশাচরা ছেলেধরা দোহাই দিয়ে তাকে হত্যা করেছে। সেই সাথে ফুটফুটে তুবাকে এতিম করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান শেখ বলেন, গুজব এক জঘন্য ভাইরাস সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ও মানুষের মূল্যবান প্রাণ কেড়ে নেয় এই গুজব।
তাই তিনি সকলকে সচেতন হতে ও আইন হাতে তুলে না নিতে অনুরোধ করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান শেখ, সহকারী প্রধান শিক্ষক – প্রদীপ কুমার দেবনাথ, ইউনিয়ন পরিষদ সদস্য আলমগীর শাহ সহ সকল শিক্ষক – কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।
You must be logged in to post a comment.