গাজীপুরে বিএনপি অফিসে পদ বঞ্চিতদের আগুন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৪ জুলাই, ২০১৮, ৯:১১ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি।।

গাজীপুর পেট্রোল ঢেলে জেলা বিএনপির কার্যালয়ে বুধবার আগুন ধরিয়ে দিয়েছে পদবঞ্চিত যুবদলের ক্ষুব্ধ কয়েক নেতা। আগুনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসহ কার্যালয়ের একাংশসহ পুড়ে গেছে।

এ ঘটনায় কার্যালয়ের চেয়ার টেবিল ও আসবাবপত্রও পুড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

বিভিন্ন সূত্রে জানাগেছে, যুবদলের গাজীপুর জেলা ও মহানগর কমিটি মঙ্গলবার গঠন ও ঘোষণা করা হয়। হাইকমান্ডের পরামর্শে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম মিরর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে অপূর্ণাঙ্গ এ দুই কমিটি ঘোষণা করা হয়।

নবঘোষিত কমিটির মধ্যে গাজীপুর জেলা যুবদলের সভাপতি পদে মনিরুল ইসলাম মনির ও সাধারণ সম্পাদক পদে মাসুদ রানা এবং গাজীপুর মহানগর যুবদলের কমিটিতে প্রভাষক বশির আহমেদকে সভাপতি, হাজী জসিম উদ্দিন বাগকে সাধারণ সম্পাদক ও আতাউর রহমানকে সাংগাঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়। নবগঠিত যুবদলের জেলা কমিটিতে মোট পাঁচটি পদ এবং মহানগর কমিটিতে মোট ৬টি পদ পূরণ করে ঘোষণা দেওয়া হয়। ঘোষণাপত্রে অল্প সময়ের মধ্যে উভয় কমিটির অবশিষ্ট পদ পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠণের জন্য নির্দেশ দেওয়া হয়।

এদিকে সদ্য ঘোষিত যুবদলের গাজীপুর জেলা ও মহানগর কমিটি পদ না পেয়ে এবং প্রার্থী নির্বাচন নিয়ে দলের নেতা কর্মীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এর জের ধরে বুধবার দুপুরের দিকে কাজী আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহমুদ হাসান রাজুর নেতৃত্বে পদবঞ্চিত যুবদলের কয়েক নেতাকর্মী গাজীপুর জেলা শহরের রাজবাড়ি সড়কের পাশে অবস্থিত বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ে হানা দেয়। তারা দলীয় কার্যালয়ে প্রবেশ করেই চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে।

পরে সেগুলোতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুুহুর্তেই আগুনের লেলিহান শিখা টিনসেডের দলীয় কার্যালয়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভান। আগুনে কার্যালয়ের দেয়ালে বাঁধানো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত বিগ্রেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের ছবিসহ ওয়ালমেট, সিলিং, ফ্যান ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় ও ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের জয়দেবপুর ষ্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভান। আগুনে আসবাবপত্রসহ কার্যালয়ের একাংশ পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটে নি।

নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্ষুব্ধ নেতা কর্মী জানান, হাইকমান্ডের পরামর্শে স্থানীয় পর্যায়ে সম্মেলণ না করে দলের ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে এ কমিটি গঠণ করা হয়েছে।

এ ঘটনায় জেলা বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজাহারুল আলম বলেন, এই মূহুর্তে আমাদের দলের অভ্যান্তরে কোন কোন্দল নেই । নবগঠিত কমিটিকে কেন্দ্র করে বাহিরের উস্কানিতে কিছু দূস্কৃতিকারী এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা ইতোমধ্যেই তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিয়েছি। তাদের দল থেকে বহিস্কার করা হয়েছে।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল জানান, একটি কমিটিতে সবাইকেই পদ পদবী দেয়া যায় না, তারপরও যিনি কমিটিতে পদবঞ্চিত হয়েছেন তিনি প্রতিবাদ করতে পারতেন তাই বলে নিজের ঘরে অগ্নিসংযোগ করা কি ঠিক হয়েছে ? বিষয়টি নিয়ে আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ