ক্লাসরুম ও পরীক্ষার হলে সিসি ক্যামেরা থাকবে: শিক্ষামন্ত্রী

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৮:০১ অপরাহ্ন

এখন ঘরে বসে পুরো পৃথিবী দেখা গেলে পরীক্ষাকেন্দ্রও দেখা সম্ভব। এ জন্য শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে- রাজশাহীতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগারি শিক্ষা বোর্ডের রাজশাহী অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন শিক্ষামন্ত্রী। তখন তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমি তো আমেরিকা থেকে শিক্ষক ইমপোর্ট করে নকল বন্ধ করিনি। আপনাদের মাধ্যমেই তো করেছি, নাকি? এটা প্রমাণিত সত্য যে, সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে শিক্ষকরা সহযোগিতা করেন। সরকারের যদি সহযোগিতা না থাকে, শিক্ষকরা সহযোগিতা করে না। তাই আমার বিশ্বাস- আমার শিক্ষকরা আবার আগের অবস্থানে যাবেন, শিক্ষার পরিবেশ ফেরাবেন।

তিনি বলেন, ইলেক্ট্রনিক ডিভাইস বা অন্য কিছু, এগুলোর জন্য তো আমাদের ব্যবস্থা নিতে হবে। এবার বেশি কিছু করার দরকার নেই। সিম্পলি আমরা ক্লোজ সার্কিট ক্যামেরার কথা বলেছি। এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য না। এ ব্যাপারে ভুল বোঝা যাবে না। আজকে পলিটেকনিকে শিক্ষার্থীরা অভিযোগ করল, ঠিকমতো ক্লাস হয় না। আবার শিক্ষকরা অভিযোগ করলেন, ছাত্ররা ঠিকমতো ক্লাসে আসে না। ওকে ফাইন। ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাবেন। রেকর্ডিং থাকবে হাতে। আমি ক্লাসগুলো দেখব শিক্ষকরা কী করেন, ছাত্ররা কী করে। কারণ আমাদের তো মনিটরিং করতেই হবে, কোনো বিকল্প নেই।

এহছানুল হক মিলন বলেন, এজন্য আমরা বলেছি প্রতিটি ক্লাসরুমে ক্যামেরা পদ্ধতি থাকতে হবে। তাহলে ঢাকায় বসে বা রাজশাহী বসে বোর্ড ক্লাসগুলো দেখতে পারবে যে, ঠিকমতো ক্লাস হচ্ছে কিনা। এখন এ কথা শুনে অনেকে বলছে, ছাত্র-ছাত্রীদের ঘাড় ঘোরাতে দেওয়া যাবে না। কেন? রিল্যাক্স। ঘাড় ঘোরাতে পারবে না এটা তো কোনও কথা না। আমরা বলেছি, ক্লাসরুমে উপস্থিতি থাকে কিনা। শিক্ষক ঠিকমতো আসেন কিনা, ছাত্র ঠিকমতো মনোযোগ দেয় কিনা- এগুলোকে আমরা বিবেচনায় আনব। সেইসঙ্গে পরীক্ষার হলে সিসি ক্যামেরা থাকবে, তাহলে আমাদের চিন্তা কমে গেল।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ