ক্ষুধার ফেরিওয়ালা -মোঃ সাইদুল হাসান সেলিম।।

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৫ মে, ২০২০, ২:৫১ অপরাহ্ন

ক্ষুধার ফেরিওয়ালা

-মোঃ সাইদুল হাসান সেলিম।।

———————————————————————

ক্ষুধা কিনবেন – ক্ষুধা?

পেট পোড়া ক্ষুধা,

প্রাচুর্যের ক্ষুধা,

ক্ষমতার ক্ষুধা,

পদোন্নতির ক্ষুধা,

হরেক রকমের ক্ষুধা আছে।

ক্ষুধা কিনবেন — ক্ষুধা?

 

ক্ষুধা নামের ফেরি চলাচল

সৃষ্টি লগ্ন থেকে।

প্রাপ্য অধিকারের প্রশ্নে,

কর্তা বসেন বেঁকে।

 

প্রাচুর্যের ক্ষুধা, ক্ষমতার ক্ষুধা কেনার জন্য,

উপচেপড়া ঢেউ।

সম্মানের ক্ষুধা, মর্যাদার ক্ষুধা কেনার

মহামানব আছেন কেউ?

 

সীমাহীন অভাবে, প্রকৃতির স্বভাবে

ঘরে কাটাই ছুটি।

সম্মানবোধ এতোই টনটনে যে,

বিবেকবোধ চিপে ধরে টুঁটি।

 

ঘরে কিচ্ছুটি নেই, চাল, ডাল, সবজি,

হাড়িগুলো ছড়ানো ছিটানো।

দানবগুলো পেটের মধ্যে শুরু করছে,

বাদ্যযন্ত্র পিটানো।

 

অনাহারী মানুষগুলো ক্ষুধার তাড়নে,

চিৎকার করে উঠে।

শত কষ্টেও হাসিটুকু লেগেই আছে,

মধ্যবিত্তের ঠোঁটে।

 

উদরে ক্ষুধার ক্রান্তিকাল,

পরিত্যক্ত ভবনের মতো।

আম্ফান, সিডর, করোনাতে

দেহ-মন ক্ষত-বিক্ষত।

 

বিশ্ব আজ বিলাপ করছে,

ক্ষুধার্তদের চিৎকারে।

সকল বিপদ কেটে যাবে,

স্রষ্টার এক ফূৎকারে।

 

হরেক রকমের ক্ষুধা আছে,

কেনার আছেন কেউ?

আগে আসলে, আগে পাবেন,

উপচে পড়া ঢেউ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ