কোভিড-১৯ মহামারিতে আলো দেখিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী: তাহজীব আলম সিদ্দিকী

অনলাইন ডেস্ক ।।
রবিবার, ৬ জুন, ২০২১, ৯:৪২ অপরাহ্ন

ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকী বলেছেন, কোভিড-১৯ মহামারি যখন পুরো অন্ধকার হয়ে গেছে, তখন আলো দেখিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে বাঙালি জাতিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। জীবন ও জীবিকা নির্বাহের ভারসাম্যহীন ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করেছেন, যা কোনও দেশই মেলে না। আজ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

তাহজীব আলম সিদ্দিকী বলেন, কোভিডের মধ্যে দুর্দমনীয় বাঙালি জাতি থেমে থাকেনি। থেমে থাকেনি বাংলাদেশের অগ্রযাত্রা। এর প্রকৃষ্ট নির্ণায়ক জিডিপির ৫.২ শতাংশ প্রবৃদ্ধি, যা কিনা বিস্মিত করেছে সারা বিশ্বকে। এই অগ্রযাত্রায় অবশ্যই কৃষকের ভূমিকা ছিল, শ্রমিকের ভূমিকা ছিল, নিরলস পরিশ্রম ছিল ব্যক্তি খাতের উদ্যোক্তাদেরও। তিনি বলেন, একই সাথে ছিল সরকারের দূরদর্শী সব কৌশলী নীতি–সহায়তা বা strategic policy support। যেমন সরকার প্রণোদনা দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনকারী পোশাকশিল্পকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। বৃহৎ, ক্ষুদ্র বা মাঝারি শিল্পকেও প্রণোদনা দিয়ে টিকিয়ে রেখেছে সরকার। তাতে একদিকে শিল্প যেমন বেঁচে গেছে, তেমনি বড় রকমের কর্মসংস্থান সংকটও ঘটেনি। আবার এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ ব্যাংক ঋণ পরিশোধের সময়সীমা নমনীয় করে শিল্প খাতকেও কিছুটা অক্সিজেন দিয়েছে। কৃষি খাতে প্রয়োজনীয় সাপ্লাই চেইনকে সরকার লকডাউনের মধ্যেও নিরবচ্ছিন্ন রেখেছে। সারের সংকট হয়নি। আবার সারের জন্য মানুষকে জীবনও দিতে হয়নি। কৃষি সরঞ্জামেরও পর্যাপ্ত সরবরাহ রাখা হয়েছে। এমনকি মহামারির কারণে যখন ধান কাটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তখন আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠন প্রতীকী ধান কাটায় সম্পৃক্ত হয়েছে।

এ নিয়ে নিন্দুকেরা সমালোচনা করলেও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের এই সম্পৃক্ততা কৃষকদের উচ্ছ্বসিত ও উজ্জীবিত করেছে। আমাদের রেমিট্যান্স–যোদ্ধাদের প্রণোদনা দিয়ে দেশে অর্থ পাঠাতে উদ্দীপ্ত করেছে সরকার। তবে সব ছাপিয়ে দেশের এই অগ্রযাত্রায় মূল নিয়ামক শক্তি ছিলেন আমাদের জননেত্রী, বঙ্গবন্ধুকন্যা, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি ক্ষমতায় থাকলে হাওয়া ভবনের হাওয়ায় উড়ে যেত অর্থনীতি: সরকার দলীয় এমপি তাহজীব আলম সিদ্দিকী বলেন, আমি আমার পূর্ববর্তী বিএনপির সংসদ সদস্যের বক্তৃতা শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম, এই বৈশ্বিক মহামারির সময় যদি বিএনপির সরকার ক্ষমতায় থাকত, এবং দেশ যদি পরিচালিত হতো হাওয়া ভবন দ্বারা, তাহলে দেশের কী অবস্থা হতো? এ কথা চিন্তা করতেই আমার হৃদয় শিউরে উঠল! হয়তোবা হাওয়া ভবনের হাওয়ায় উড়ে যেত অর্থনীতি। বাংলাদেশ হয়ে যেত পাকিস্তানের মতো আরেকটি অকার্যকর অর্থনীতি এবং ব্যর্থ রাষ্ট্র। আবার মহামারির আগুনে অর্থনীতি পুড়তে থাকলে তারা হয়তো হাওয়া ভবনে বসে পাকিস্তানি বাঁশি বাজাতেন। তেমনই কিছুক্ষণ ধরে আমরা দেশের অর্জনকে হেয় করা এবং দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার হৃদয়-বিদারক সুর শুনলাম। সেই সুরে আছে সাম্প্রদায়িকতা, উগ্রতা ও দেশ-বিরোধিতার গন্ধ। আছে হত্যা, ক্যু এবং সামরিক শাসনের ঐতিহ্য। আর আমরা যে বাঁশি বাজাই, তার সুরে আছে মুক্তিযুদ্ধের চেতনা ও ৩০ লক্ষ শহীদের রক্ত। আমাদের সে বাঁশিতে আছে ১৫ আগস্টের বিষাদময় স্মৃতি এবং জাতির জনকের আত্মত্যাগ। আছে লাল-সবুজ পতাকা, বাঙালি জাতীয়তাবাদ ও অসা¤প্রদায়িক চেতনা। আমাদের বাঁশির সুরে আছে অর্থনৈতিক মুক্তি, দারিদ্র্য বিমোচন ও প্রযুক্তি-নির্ভর উন্নত দেশের স্বপ্ন। এবং অবশ্যই আমাদের বাঁশির সুরে আছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহামারি থেকে উত্তরণের দৃঢ় সংকল্প। যুগ যুগ ধরে আমরা একই সুর বাজিয়ে যাব। সেই সুরেই মেতে থাকবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।

বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ২০২০-২১ অর্থবছর ছিল একটি অস্বাভাবিক বছর। সারা বিশ্বের অর্থনীতি ছিল মহামারি কোভিডের ধাক্কায় সম্পূর্ণ বিপর্যস্ত। এ সময় আমাদের এখানে অবশ্যই রাজস্ব ঘাটতি হয়েছে। সরকারকে প্রাধিকার ভিত্তিতে নিজস্ব বিভিন্ন খাতে ব্যয় সংযোজন-বিয়োজন করতে হয়েছে। আমি মনে করি, সামগ্রিকভাবে অর্থনৈতিক এই ব্যবস্থাপনায় সরকার বেশ দক্ষতার পরিচয় দিয়েছে। মহামারির কারণে বেসরকারি বিনিয়োগ যখন সম্পূর্ণ স্থবির, তখন সরকারি ব্যয় অর্থনীতির চাকাকে সন্তোষজনকভাবে সচল রেখেছে এবং কর্মসংস্থান নিশ্চিত করেছে। বাজেট ঘাটতি বেশি হওয়ায় সরকারি ব্যয় মেটাতে সরকারকে প্রাক্কলনের চেয়েও বেশি ঋণ নিতে হয়েছে। এটি কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। বিশ্বজুড়ে এই ঘটনা ঘটেছে। বরং আমার দৃষ্টিতে সরকার বেশ সংযত ও নিয়ন্ত্রিত ছিল। বেশি ঋণ নেওয়ার কারণে যেসব নেতিবাচক প্রভাব পড়ে, যেমন মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি—সারা বছরজুড়ে আমরা তেমন কোনো প্রভাব লক্ষ করিনি। তাতেই বোঝা যায় যে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকার সফল। কোভিডকালে যখন সারা পৃথিবীতে অর্থনীতির ওপর নেমে এসেছে অমানিশার ঘোর অন্ধকার, তখনো বাংলাদেশে ঘটে গেছে কিছু বিস্ময়কর ঘটনা। সেগুলো একদিকে যেমন বাঙালির জন্য গর্ব, আরেক দিকে বাঙালির অদম্য স্পৃহার বহিঃপ্রকাশ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ