কোটচাঁদপুরে অসহায় ভূমিহীন কৃষকের জমি দখল করে নিলো ভূমিদস্যুরা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮, ১২:২০ অপরাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
কোটচাঁদপুর উপজেলার এক ভূমিহীন কৃষকের ১৯৭৪ সালে সরকারিভাবে বন্দোবস্ত দেওয়া জমি এলাকার দুই প্রভাবশালী ব্যক্তি জাল দলিলের মাধ্যমে জোর করে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা করেছেন ভুক্তভোগীরা।
বন্দোবস্ত দলিল ও বাদীর মামলার নথি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের ভূমিহীন সামছুদ্দীন মোল্লার আবেদনের প্রেক্ষিতে ১৯৭৪ সালে তৎকালীন সরকার ভূমিহীন হিসেবে সামছুদ্দীন মোল্লাকে এক একর ৩৩ শতক জমি বন্দোবস্ত দেয়। কাগমারী সরকারি এক নম্বর খাস খতিয়ানের ৪২ নম্বর মৌজার এক একর ৩৩ শতক (১.৩৩ শতক) সরকারি খাস জমি সালামি বা ভূমি রাজস্ব ছাড়াই বন্দোবস্ত দেওয়া হয় ১৫ বছর মেয়াদে। যার ৫৩৩৬ নম্বর হাল দাগে ১৪ শতক, ৫১০৫ নম্বর হাল দাগে এক একর ১৯ শতক। বন্দোবস্ত দলিলে উল্লেখ থাকে যে, যেহেতু এই জমির মালিক সরকার, সেহেতু বন্দোবস্ত তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত এই জমি ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ করা বা কাউকে বর্গা দেওয়া, হস্তান্তর করা যাবে না। শুধু এ জমির ওপর বন্দোবস্তকারী ঘরবাড়ি নির্মাণ করে বসবাস ও বাকি জমিতে চাষাবাদ করতে পারবেন। ১৫ বছর অতিক্রান্ত হওয়ার পর বন্দোবস্তকারী এই জমির প্রকৃত মালিক হতে পারবেন।
এ শর্তানুযায়ী সামছুদ্দীন মোল্লা হাল ৫১০৫ নম্বর দাগের (সাবেক দাগ-২৩৬৭) এক একর ১৯ শতক জমির এক পাশে কাঁচা ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। বাকি জমিতে চাষাবাদ করতে থাকেন। অভিযোগ উঠেছে, ১৯৭৪ সালে সামছুদ্দীন মোল্লার নামে সরকার জমি বন্দোবস্ত দেওয়ার সাত সাত বছরের মাথায় ১৯৮১ সালে এলাকার প্রভাবশালী দুই ভাই বজলুর রহমান ও ওলিয়ার রহমান মিলে ওই এক একর ১৯ শতক জমির ভুয়া রেজিস্ট্রি দলিল করেন। অথচ বন্দোবস্ত দলিলে স্পষ্ট উল্লেখ রয়েছে ‘১৫ বছরের আগে বিক্রয় বা হস্তান্তরযোগ্য নহে’।
এ ঘটনার পরপরই ভূমিহীন অসহায় সামছুদ্দীন মোল্লাকে ওই জমি এবং বাড়ি থেকে উচ্ছেদে বিভিন্ন পাঁয়তারা চালানোসহ পরে জালিয়াতি করে জমি নিজেদের নামে রেকর্ডও করে নেন ভূমিদস্যুরা। এরই মধ্যে বন্দোবস্তকারী সামছুদ্দীন মোল্লা মারা যান।
সামছুদ্দীন মোল্লার ছেলে রমজান আলি অভিযোগ করে বলেন, ‘ভূমিদস্যু বজলুর রহমানের ছেলে পুলিশ অফিসার। সেই প্রভাবে গত ১৮ ফেব্রুয়ারি কোটচাঁদপুর থানা পুলিশের সহায়তায় ঘরবাড়ি ভেঙে ফেলে ওই জমি থেকে আমাদের উচ্ছেদ করে দখলে নেয় ভূমিদস্যুরা। সেই সাথে আমাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পরিবারের তিন মহিলাসহ চারজনকে মিথ্যা মামলায় চালান দেওয়ার ব্যবস্থা করে তারা। পরে জামিনে বেরিয়ে এলেও দফায় দফায় চলে আমাদের ওপর পুলিশি হয়রানি। এরপর কোনো উপায় না পেয়ে বিষয়টি লিখিতভাবে ঝিনাইদহ পুলিশ সুপার মহাদয়ের জানালে পুলিশি হয়রানি বন্ধ হয়।’
ভুক্তভোগী রমজান আলি তার ভাষায় বলেন, সম্প্রতি ভূমিদস্যু বজলুর রহমান মারা যাওয়ায় তার ওয়ারেশ এবং ওলিয়ার রহমানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও রেকর্ড সংশোধনের জন্য আদালতে দুটি মামলা করা হয়েছে।
তিনি বলেন, এ প্রভাবশালী মামলা তুলে নিতে একের পর এক বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
এদিকে আদালত বিবাদীকে দলিল জালিয়াতি মামলায় ৩বার ও রেকর্ড সংশোধন মামলায় চারবার কাগজপত্র হাজিরের নোটিস দিলেও তারা তা না করে কালক্ষেপণ করছেন বলে আভিযোগ করেছেন বাদী পক্ষ।
বিষয়টি নিয়ে বিবাদী বজলুর রহমানের ছেলে চুয়াডাঙ্গা জেলার পুলিশ কর্মকর্তা তুহিনুজ্জামান তুহিনকে ১৯৭৪ সালের সরকারের বন্দোবস্ত দেওয়া জমি সাত বছরের মাথায় রেজিস্ট্রি করে নেওয়া কতটা যুক্তিসঙ্গত প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বলেন, ‘যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে সেহেতু বিষয়টি আদালত দেখবে। জমি নিয়ে চ্যালেঞ্জ করার মতো কাগজপত্র আমাদের রয়েছে।’
এদিকে, জমি ফিরে পেতে অসহায় ভূমিহীন পরিবারটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ