কুষ্টিয়ায় পৃথক দু’টি সড়ক দূর্টনায় ২ জন নিহত হয়েছে।
মঙ্গলবার(২০ জুলাই) সকালের দিকে কুষ্টিয়া শহরতলীর খাজানগর এলাকায় মোটরসাইকেলের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মারুফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত মারুফ মিরপুর উপজেলার পোড়াদহ উত্তর কাটদহ গ্রামের মুক্তার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ হোসেন পোড়াদহ বাজারে মা গার্মেন্টসের কর্মচারী ছিলেন। সকালের দিকে পোড়াদহ থেকে গার্মেন্টসের পোশাক কেনার জন্য কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা হলে খাজানগর এলাকায় ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে মোটরসাইকেল চালক মারুফ ঘটনাস্থলে মারা যান এবং ইজিবাইক চালককে স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ছাবিরুল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত মারুফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে দুপুরে জেলার ভেড়ামারায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের ভেড়ামারা ১৬ দাগ ৬৮ পাড়া ভিলকীর পুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু (৪৫) নড়াইল জেলার নড়াইল উপজেলার চর বালিয়াডাঙ্গা গ্রামের আবুল খালেক শেখের ছেলে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, যশোর থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। এ সময়ে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক মারা যান। আহত হন কমপক্ষে ২০ জন। পরে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
You must be logged in to post a comment.