কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাস মোড়ে ড্রাম ট্রাকচাপায় তিন বছর বয়সী শিশু সন্তানসহ মা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর বাবা।
শুক্রবার (২৬ মার্চ-২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মা ইতি খাতুন (৩০), ছেলে আহনাফ ইব্রাহিম (৩)।
চৌরহাস হাইওয়ে পুলিশের এস আই জয়দেব এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ‘নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে। আহত একজনকে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।’
প্রত্যক্ষদর্শী সিদ্দিক আলী বলেন, ‘ভেড়ামারা থেকে অটোরিকশায় কুষ্টিয়া শহরের যাচ্ছিলাম। বাইপাস মোড়ে পৌঁছানোর আগে একটি ড্রাম ট্রাক আমাদের ওভারটেক করে। পরে মোড় পার হওয়ার সময় ট্রাকটি কালো ধোঁয়া উড়িয়ে চলে যায়। আমরা মোড়ে পৌঁছে দেখি মোটরসাইকেল উল্টে তিনজন পড়ে আছেন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন।’
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, ‘একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে তাকে রিলিজ করা হয়েছে। নিহতদের মরদেহ এখনো আনা হয়নি।’
You must be logged in to post a comment.