ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা মোকারম হোসেন মোয়াজ্জেম কুষ্টিয়ায় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন।
সোমবার (১৪ এপ্রিল) সকালে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে বের হয় আনন্দ শোভাযাত্রা। এ সময় ব্যানার ধরে সামনের সারিতে জেলা প্রশাসক, পুলিশ সুপারের সঙ্গে মোকারম হোসেন মোয়াজ্জেমকেও দেখা যায়।
মামলার আসামি ও আওয়ামী লীগ নেতাকে জেলা প্রশাসনের শোভাযাত্রায় দেখতে পেয়ে রাজনৈতিক ও সাধারণ মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা।
এ ব্যাপারে জেলা প্রশাসক কিছু জানেন না জানালেও মোকারম হোসেন মোয়াজ্জেম শোভাযাত্রায় উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মোকারম হোসেন মোয়াজ্জেম কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। ৫ আগস্ট কোটাবিরোধী আন্দোলনের সময় তামজিদ হোসেন জনি নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৪২ নম্বর আসামি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একটি হত্যাচেষ্টা মামলায় আসামি হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।
জানা গেছে, সোমবার বাংলা নববর্ষ উদযাপনে নানা আয়োজন করে কুষ্টিয়া জেলা প্রশাসন। তারই অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। মজমপুর গেটসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বনবীথিতে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
এ সময় জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রার ব্যানার ধরে সামনের সারিতে জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান, কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানের সঙ্গে মোকারম হোসেন মোয়াজ্জেমকেও দেখা যায়।
You must be logged in to post a comment.