স্টাফ রিপোর্টার ।।
ঝিনাইদহের কালীগঞ্জে যৌতুকের দাবিতে শিউলি খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে খুন করলো তার পাষন্ড স্বামী আনিচুর রহমান। সোমবার ৭ জানুয়ারী’১৯ সকালে চিকিৎসাধীন অবস্থায় শিউলি মারা যায়।
এ ঘটনাটি ঘটেছে উপজেলার বড় ডাউটি গ্রামে।
মৃত ব্যক্তি শিউলি খাতুন একই উপজেলার দামোদরপুর গ্রামের মৃত সলেমান বিশ্বাসের মেয়ে এবং স্বামী আনিচুর রহমান ডাউটি গ্রামের সাহেব আলীর ছেলে।
শিউলির ভাই শামিম হোসেন জানান, ১৪ বছর আগে আনিচুর রহমানের সাথে তার বোন শিউলির বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে ২ লাখ টাকার জন্য প্রায়ই তার বোন শিউলিকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দিতো।
গত ৬ দিন আগে তার বোনকে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে আনিচুর রহমান মারধর করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমাদের তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর গত ৩রা বৃহস্পতিবার তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টায় সে মারা যায়।
শিউলির বিয়ের আগে আনিচুরের আরেকটা বউ ছিল তাকেও এইভাবে যৌতুকের জন্য মারধর করার কারণে ছাড়াছাড়ি হয়ে যায়।
মৃত ব্যক্তি শিউলির ৮ বছর বয়সী মেয়ে সুরাইয়া জানান, প্রায়ই তার মাকে বাবা মারতো। গত ৬ দিন আগে বেদম মারধর করেছিল। ২দিন তার মাকে বাবা খেতেও দেয়নি। আমার বাবা মাকে পিটিয়ে খুনো করেছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতান আহমেদ জানান, মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, বিষয়টি জানার পর আমি হাসপাতালে গিয়েছিলাম। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং আসামীকে আটকের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.