মোঃ হায়দার আলী, রাজশাহী।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া আজাদ আলীর (৩০) লাশ ফেলে পালিয়েছে তার স্বজনরা।
শনিবার (৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজাদ আলীর বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার জামগ্রামে। তার করোনা পজিটিভ ছিল। শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। হাসপাতালে ছিলেন তার বড় ভাই ও ভাবি। তবে মৃত্যুর পর তারা দুজনই পালিয়ে গেছেন। তারা লাশ নিতে চাননি।
আজাদ আলীর মৃত্যুর পর তার লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য হাসপাতাল থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনকে অবহিত করা হয়। এরপর কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা আজাদ আলীর ভাই ও ভাবির সঙ্গে কথা বলেন। তারা স্বেচ্ছাসেবকদের জানান, গ্রামে এই লাশ দাফন করতে দেয়া হবে না। কোয়ান্টাম ফাউন্ডেশন যেন রাজশাহীতেই লাশটি দাফনের ব্যবস্থা করে।
কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা রবিবার (৫ জুলাই) ভোর ৫টায় রাজশাহীর একটি গোরস্থানে কবর খনন শুরু করে। সকাল ৬টার দিকে তারা হাসপাতালের আইসিইউ’র সামনে গিয়ে দেখে মৃত ব্যক্তির ভাই ও ভাবি সেখানে নেই। অন্য রোগীর স্বজনরা জানান, ফজরের আযানের পর তারা হাসপাতালে থেকে বেরিয়ে গেছে। এরপর থেকে তাদের ফোন বন্ধ।
কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা জানান, সকাল ১০টা পর্যন্ত মৃত আজাদ আলীর ভাই ও ভাবির মোবাইল নাম্বর দুটি বন্ধ পাওয়া যায়। এরপর একটি নাম্বারে কল ঢোকে। তখন তাদের জানানো হয়, তারা লাশ নিবেন না। রাজশাহীতেই যেন দাফন করে দেয়া হয়। এর পর থেকে নাম্বার দুটি আবারও বন্ধ পাওয়া যাচ্ছে। এখন যথাযথ কর্তৃপক্ষ লিখিতভাবে তাদের লাশ বুঝিয়ে দিলে দাফন করে দেয়া হবে।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, স্বজনরা লাশ নিবেন না। আমরা বেওয়ারিশ হিসেবে পুলিশকে লাশ বুঝিয়ে দেব। পুলিশ কোয়ান্টাম ফাউন্ডেশনকে বুঝিয়ে দেবে। এরপর লাশ দাফন হবে।
You must be logged in to post a comment.