আব্দুল মান্নান, কক্সবাজার।।
কক্স বাজার-৩(সদরও রামু) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন তালিকা থেকে বর্তমান সংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমলকে বাদ দেওয়া হয়। তার পরিবর্তে এই আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মনোনয়ন দেওয়া হচ্ছে খবর ছড়িয়ে পড়লে রামু-কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করে। সদরের ঈদগাহ, রশিদনগর ও রামুর বিভিন্ন স্থানে যুবলীগ নেতা- কর্মী ও স্থানীয় জনতা রাস্তায় কলাগাছ রোপন করে এর প্রতিবাদ জানায়।
এদিকে বিকাল ৪টার দিকে রামু খিজারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিলে কমল ছাড়া কাউকে মানি না, মানবো না বলে শ্লোগান দিয়ে চৌমূহনীতে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, কক্সবাজার ও রামুবাসী এই আসনে জনপ্রিয় নেতা সাইমুম সরওয়ার কমল ছাড়া বহিরাগত কাউকে মহাজোটের প্রার্থী হিসেবে মেনে নিবেনা।

তিনি আরও বলেন, সাইমুম সরওয়ার কমল এই এলাকার মানুষের জন্য যে উন্নয়ন করেছেন তার প্রতিদান ব্যালটের মাধ্যমে দেওয়ার জন্য জনগন উন্মুখ হয়ে আছে। কেউ কমলের চাষ করা ফসল নিয়ে যাবে তা হতে পারে না। জনগন তা মেনে নিবেনা। এই এলাকায় কমলের বিকল্প কেবল কমলই।
সাইমুম সরওয়ার কমল গতকাল বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, আমার ভাগ্যই খারাপ। মনোনয়ন দৌড়ে আবারো পিছিয়ে যাচ্ছি। গত ২১ নভেম্বর কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহর জানাজায় প্রায় পঞ্চাশ হাজার মুসল্লির সামনে বক্তব্য প্রদানকালে তিনি মরহুম চেয়ারম্যানের জন্য কান্নাকাটি করেন। তিনি মরহুমের পরিবারের জন্য তার নিজস্ব ফান্ড থেকে একখণ্ড জমি ও তার নামে একটি রাস্তা নামকরণের ঘোষণা দেন।
তার উক্ত ঘোষণাকে পূজি করে কমল বিরোধীরা তার সাথে জামায়াত কানেকশনের অভিযোগ তুলে দলীয় হাইকমান্ডকে প্রভাবিত করে। ফলে চুড়ান্ত মনোনয়নে তার নাম থাকলেও তাকে বাদ দেওয়া হয়। এই আসনে চট্টগ্রাম-ঌ থেকে মনোনয়ন বঞ্চিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু কে মহাজোট থেকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
এদিকে জিয়াউদ্দিন আহমেদ বাবলু এ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী নয় বলে জানা গেছে। তিনি সরে দাড়ালে শেষমেশ মনোনয়নে আবারও চমকের সম্ভাবনা রয়েছে ।
You must be logged in to post a comment.