আজ (১৯ আগস্ট) ঢাকার কমলাপুর রেলস্টেশনে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে অধিকাংশ ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়ের চেয়ে বেশ খানিকটা দেরিতে।
রোববারের ট্রেনের সূচি অনুযায়ী সকাল ৬টায় কমলাপুর থেকে দিনের প্রথম আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি ছেড়ে যায় এক ঘণ্টা দেরিতে, সকাল ৭টার পর।
চিলাহাটির নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় কমলাপুর ছাড়ার কথা, তবে ট্রেনটি স্টেশনেই আসে বেলা ১০টা ৫ মিনিটে, ছেড়ে যায় ১০টা ৫৫ মিনিটে। বেলা ৯টার রংপুর এক্সপ্রেস ট্রেন বেলা এগারোটা পর্যন্ত প্ল্যাটফর্মে আসেনি।
লালমনিরহাট ঈদ স্পেশাল ট্রেন ছাড়ার কথা বেলা ৯টা ১৫মিনিটে। তবে বেলা ১১টা পর্যন্ত সেটি স্টেশনেই আসেনি। রেলওয়ে বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ছাড়ার সম্ভাব্য সময় দিয়েছে।
খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি সকাল ৮টা ৫০ মিনিটে স্টেশন ছাড়ে।
দিনাজপুরের এক্সপ্রেস সকাল ১০টায় কমলাপুর ছাড়ার কথা থাকলেও সেটি পৌনে ১১টায় কমলাপুরে এসে বেলা ১১টায় স্টেশন ছেড়ে যায়।
ঢাকা-চিলাহাটি রুটের নীলসাগর ট্রেনের কমলাপুর ছেড়ে যাওয়ার কথা সকাল ৮টায়। দুই ঘণ্টা ৫ মিনিট দেরি করে বেলা ১০টা ৫ মিনিটে ট্রেনটি কমলাপুরের প্ল্যাটফর্মে আসে। দীর্ঘসময় অপেক্ষায় থাকা যাত্রীরা ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু করেন।
ট্রেন ঠিক সময়ে না আসায় বিরক্তি প্রকাশ করে রংপুরগামী একজন যাত্রী বলেন, “প্রতি ঈদেই রংপুর এক্সপ্রেস দেরি করে, আর আমাদের এই দুর্ভোগ হয়। সকাল থেকে বসে আছি, গরমে অস্থির লাগছে।”
ট্রেন দেরি করলেও বাড়ি যেতে পারছেন, এতেই খুশি অনেকে। দিনাজপুরগামী এক যাত্রী বলেন,
“আমাদের ট্রেনের সংখ্যা তো কম। এজন্য এটুকু কষ্ট মেনে নিতেই হবে। বাড়ি যেতে পারছি এটাই তো অনেক বেশি। আসলে ঈদের সময় ছাড়া ট্রেন কিন্তু ঠিক মতোই ছাড়ে। সমস্যা হয় না।”
কমলাপুরের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী বলেন, শনিবার তেজগাঁওয়ে একটি ট্রেন এক ঘণ্টা আটকে থাকায় অন্য ট্রেনগুলো দেরি করেছে।
“গতকাল যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় অন্য ট্রেনগুলো ছাড়তে দেরি হয়েছে। সেগুলো ফিরতেও দেরি হয়েছে।”
এছাড়া অতিরিক্ত যাত্রীর চাপেও ট্রেন যেতে দেরি হচ্ছে জানিয়ে তিনি বলেন, “ঈদের সময় যাত্রীদের চাপ অনেক বেশি থাকে। প্রতিটি স্টেশনে যাত্রী ওঠা-নামায় সময় স্বাভাবিকের চেয়ে বেশি লাগে। যে কারণে ট্রেনগুলো গন্তব্যে দেরি করে পৌঁছায়। সেখান থেকে ফিরতেও দেরি হয়।”
You must be logged in to post a comment.