সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনে একাদশ সংসদের আওয়ামী লীগের মনোনয়ন পেলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম। ইতিপূর্বে তিনি উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করলে স্থানীয় সংসদ মন্ত্রণালয় তার পদত্যাগপত্র গ্রহণ করে পদশুন্যের প্রজ্ঞাপন জারি করে।
দশম জাতীয় সংসদ নির্বাচনেও জাফর আলমকে এ আসন থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। পরবর্তীতে জোটগত আসন ভাগাভাগির জন্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ইলিয়াসকে মনোনয়ন দেওয়া হলে জাফর আলম কেন্দ্রীয় নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে জাতীয় পার্টির মুহাম্মদ ইলিয়াস বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই আসন থেকে এমপি নির্বাচিত হন।
দশম সংসদ নির্বাচন পরবর্তী উপজেলা পরিষদ নির্বাচনে জাফর আলমকে দলীয় মনোনয়ন দেওয়া হলে তিনি বিএনপি ও জামায়াতের প্রাথীদের পরাজিত করে চকরিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচন হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।