আব্দুল মান্নান, কক্সবাজার।।
কক্সবাজারের চকরিয়া থানার দুইটি মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জামিন বাতিল করে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত(সদর) এই আদেশ দেন।
সরকার বিরোধী আন্দোলন চলাকালে দীর্ঘ দুই মাস “নিখোঁজ” হওয়ার পর ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে উদভ্রান্ত অবস্থায় তিনি উদ্ধার হন। সেই থেকে প্রায় চার বছর ভারতে অবৈধ অনুপ্রবেশ মামলা মোকাবিলা করতে শিলংয়ের অবস্থান করতে হচ্ছে। শিলং এর আদালত দীর্ঘ শুনানি শেষে অনুপ্রবেশ মামলায় তাকে বেকসুর খালাস দেন। কিন্তু আন্ত:রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও কূটনৈতিক কারণে তিনি এখনো দেশে ফিরতে পারেননি।
তাঁর আইনজীবীরা এ বিষয়গুলো মাননীয় আদালতের নজরে এনে মামলাদ্বয়ের অভিযোগ গঠন পেছানো ও জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করলেও আদালত তা আমলে নেননি।আসামী পক্ষের সময়ের আবেদন নাকচ এবং তার জামিন বাতিল করে গ্রেপ্তারী পরোয়ানা জারির আদেশ দেন আদালতের প্রিসাইডিং অফিসার তামান্না ফারাহ।
রোববার (২ ডিসেম্বর) কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতে বিচারাধীন জি আর-৪৭/২০০৭ ও জি আর- ৫১/২০০৭ দুইটি মামলা চলমান ছিল।২০০৭ সালে চকরিয়া থানায় দায়ের করা উক্ত দুই মামলার অভিযোগ গঠনের দিন ছিল রোববার।আদালত সূত্র থেকে জানা যায় , আসামী সালাহউদ্দিন আহমদের অনুপস্থিতিতে দুইটি মামলারই অভিযোগ গঠন করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট সাঈদ হোছাইন। আসামী পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাসহ অর্ধশতাধিক আইনজীবী।
You must be logged in to post a comment.