কক্সবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা।পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখমের ঘটনা টি সদরের খরুলিয়া এলাকায় সংগঠিত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার জেলা ঢ়সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীর নাম রাসেল রহমান (২১)।
রবিবার (১১ অক্টোবর) বিকালের দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খরুলিয়া মুন্সিপাড়ার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। আহত রাসেল ঢাবি’র জাপানিজ স্টাডিজ বিভাগের ২য় বর্ষের ছাত্র।
শিক্ষার্থীর মা জাহানারা বেগম জানান, তাদের বাড়ির পার্শ্ববর্তী মরহুম মকবুল মিস্ত্রির পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বসত-ভিটা সংক্রান্ত বিরোধ ছিল। রবিবার বিকালে বাড়ির উঠানে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যাপারে সামান্য কথা কাটাকাটি হয়। সেই অজুহাতে পূর্ব শত্রুতার জেরে মকবুলের তিন ছেলে মো. ইউনুস, মো. কবির ও মো. শফি সহ একদল সন্ত্রাসী বাড়ির ভেতরে ঢুকে হামলা ভাঙচুর ও লুটপাট চালাতে থাকে। এ সময় রাসেল তাদের বাধা দিলে তারা ধারালো চাপাতি দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, মকবুল মিস্ত্রির ৭ ছেলে এলাকার মানুষের ওপর প্রতিনিয়ত অত্যচার চালিয়ে যাচ্ছে। তাদের নির্যাতনে মানুষ অতিষ্ঠ।
বিষয়টি নিশ্চিত করে ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, আহত রাসেল ঢাবির শিক্ষার্থী। তার বাবা একজন প্রতিবন্ধী। তার উপর হামলা ও পরিবারটির সাথে এমন নিষ্ঠুর ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার নবাগত ওসি শেখ মুনিরুল গিয়াস বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
You must be logged in to post a comment.