কক্সবাজার প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় বেসরকারি টেলিভিশনের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার থেকে ১ হাজার ৩৩০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত (৭ মে) ভোররাতে সীতাকুণ্ড থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি মো. দেলওয়ার হোসেন।
গ্রেফতার চারজন হলেন, চন্দনাইশ উপজেলার আবুল কাশেমের ছেলে মুরাদ ইসলাম (২২), হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের তাজুল ইসলামের ছেলে মো. নাজিম (৩৬), চকরিয়া দরবেশঘাটার সুজা আকবরের ছেলে মুসলিম উদ্দিন (৩৫) ও একই এলাকার আজিজুল হকের ছেলে মো. সায়েম (২৭)।
ওসি মো. দেলওয়ার হোসেন বলেন, গোপন সংবাদ ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছে চার যুবক। সেই সংবাদের ভিত্তিতে ভোরে জিটিভির স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পুলিশ ওই চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার চার যুবক গাড়িতে জিটিভির লোগো ব্যবহার করলেও তারা জিটিভির কেউ নন বলে জানা গেছে।
You must be logged in to post a comment.