ওসির বিরুদ্ধে দুদকের তদন্তে সাক্ষীর উপর হামলা : বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আটক

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯, ৯:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌসের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা একটি অভিযোগ দুদক তদন্তকালে সাক্ষীর উপর হামলার ঘটনায় কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (৩০ নভেম্বর) রাত ১১টার দিকে কক্সবাজার শহর থেকে তাকে আটক করেন দুদক।

এর আগে উক্ত ঘটনার জড়িত থাকার অভিযোগে বেলাল নামের আরো এক যুবককে আটক করা হয়। আটক ইউপি চেয়ারম্যান কক্সবাজার সদর মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। চট্টগ্রাম দুদকের উপ-সহকারি পরিচালক জাফর সাদেক শিবলী সত্যতা নিশ্চিত করেছেন।

জাফর সাদেক শিবলী আরো জানিয়েছেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌসের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা একটি অভিযোগের তদন্তে কুতুবদিয়া যান দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি দল। ওই অভিযোগের তদন্তের সাক্ষী দিতে আসা লোকদের উপর ওসির পক্ষ হয়ে স্থানীয় বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটনের নেতৃত্বে ১০/১২জনের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকট হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে দুদকের প্রতিনিধি দলের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়।

এসময় স্বাক্ষী দেলোয়ার হোসেন (৪৫) ও রুহুল আমিন (৬০) ও মফিজ আলম (৩৫) গুরুতর আহত হয়। আহতদের কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম দুদকের উপ-সহকারি পরিচালক শরিফ উদ্দিন বলেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস, এসআই জয়নাল আবেদীন, এএসআই স্বজল দাশ’র বিরুদ্ধে ৪০ লাখ টাকা ঘুষ, দুর্নীতি, নিরহ লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলদারের পক্ষ নেয়াসহ নানা অভিযোগে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন কুতুবদিয়ার মনোয়ার ইসলাম মুকুল। হাইকোর্ট রীটের প্রেক্ষিতে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপ-সহকারি পরিচালক শরীফ উদ্দিনের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম তদন্তের জন্য  কুতুবদিয়া যান। তদন্তের এক পর্যায়ে দায়ের করা পিটিশনের সাক্ষীদের সদর উপজেলায় আসার জন্য অনুরোধ করেন দুদক টিম। এদিকে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটনের নেতৃত্বে  বিকাল ৪ ঘটিকার সময় ১০/১২ জনের একটি দল হামলা চালিয়ে সাক্ষীদের বেধড়ক মারধর ও অপহরণের চেষ্টা চালায়।

পরে দুদকের হস্তক্ষেপে আহতদের রক্ষাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।এ বিষয়ে একটি মামলা রুজুর নির্দেশ দেন দুদক। দুদকের নির্দেশে কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

রীটকারী মনোয়ারুল ইসলাম মুকুল বলেন, ‘দীর্ঘদিন ধরে কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস সহ থানার অন্যান্য কিছু কর্মকর্তা নিরহ লোকদের অস্ত্র দিয়ে ফাঁসানো, ঘুষ বাণিজ্য, দূর্ণীতি, ৪০ লাখ টাকার ঘুমসহ বেশ কয়েকটি অভিযোগে প্রথমে দুদক কার্যালয়ে অভিযোগ দায়ের করি। তারা কোন ব্যবস্থা না নেওয়ায় মহামান্য হাইকোর্টে একই অভিযোগে নতুন করে একটি রিট পিটিশন দায়ের করি। হাইকোর্টর নির্দেশের পর দুদকের একটি টিম সকালে তদন্ত করতে আসলে ওসির নির্দেশে চেয়ারম্যান ছোটন দৌড়ঝাঁপ শুরু করে। সর্বশেষ ওসির বিপক্ষে সাক্ষী দেওয়ায় তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে চেয়ারম্যান ছোটন ও তার লেলিয়ে দেয়া বাহিনী।

জানতে চাইলে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস বলেন, ‘দুদক আমার বিরুদ্ধে তদন্তকালে তাদের যথেষ্ট সহযোগিতা করি। বিকালে জানতে পারি বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উদ্দিন ছোটন ও হাইকোর্টে রীটকারি মনোয়ারুল ইসলাম মুকুলের লোকজনের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ