রাজশাহী প্রতিনিধি।।
এসএসসির ফলাফলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড টানা তৃতীয়বারের মতো দেশসেরা হওয়ায় রাজশাহী বোর্ডের উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি অনুত্তীর্ণ শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করে আগামীবারের জন্য প্রস্তুতির আহ্বান জানান। সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে বাদশা বলেন, সারাদেশে রাজশাহী শিক্ষানগরী হিসেবে পরিচিত। রাজশাহীকে একটি শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। তোমরা আগামীর কর্ণধার। দেশপ্রেমের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেনতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতির সেবায় তোমাদের মনোনিবেশ করতে হবে। তোমাদের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তবেই এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবে রাজশাহী।
এ বছর রাজশাহী বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী শিক্ষাবোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক প্রামানিক এই ফলাফল ঘোষণা করেন।
গত ২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা শেষ হয়। এ বছর সারাদেশের গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।
You must be logged in to post a comment.