শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ প্রতিনিধি ।।
খুরশিদ আলম। আদ্যপান্ত বিএনপি। নিরীহ প্রকৃতির মানুষ। জনপ্রিয়তার জোরে আওয়ামীলীগ সরকারের আমলেই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান। সততা আর নিষ্ঠাকে পুঁজি করে পথ চলা তার।
ফেসবুকে সর্বক্ষণ স্ট্যাটাস দিতেন ভালো কাজের। বেড়াতেন মানুষের দ্বারে দ্বারে। আশা ছিল ভালো কিছু করার। কিন্তু রাজনীতি তাকে কক্ষচ্যুতি করলো। গত ১০ বছরে একের পর এক মামলায় কাবু খুরশিদ অবশেষে আওয়ামীলীগে যোগদান করে দেশ গড়ার নতুন করে শপথ নিলেন।
ঝিনাইদহ-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল আজীম আনারের নির্বাচনী জনসভায় ১ হাজার বিএনপি নেতাকর্মী নিয়ে তিনি আওয়ামীলীগে যোগদান করেছেন।
মঙ্গলবার ২৫ ডিসেম্বর’১৮ বিকেলে এ উপলক্ষে সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনে আওয়ামীলীগ মনোনীতপ্রার্থী আনোয়ারুল আজীম আনার।
এ সময় কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ভাইসচেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা দেশের উন্নয়ন ধরে রাখতে নৌকা মার্কায় সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ও মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান খুরশীদ আলম, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মতিয়ার রহমান, নজির হোসেন, যুবদলের সভাপতি আতিকুর রহমানের নেতৃত্বে ১ হাজার বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগ নেতা রোকনুজ্জামান।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.