মনিরুল ইসলাম, কালীগঞ্জ, ঝিনাইদহ।।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (ইক্ষু ও গবেষনা) মোশাররফ হোসেন গত শনিবার রাতে মোবারকগঞ্জ চিনিকল সফরে আসেন। রাতে তিনি চিনিকলের অতিথি ভবনের হলরুমে সকল বিভাগের কর্মকর্তাদের সাথে চলতি আখ উৎপাদন ও আসন্ন মাড়াই মৌসুমের সার্বিক বিষয় নিয়ে দীর্ঘরাত পর্যন্ত মতবিনিময় সভা করেন। এরপর গতকাল রবিবার সকালে তিনি স্থানীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ, আখচাষী কল্যান সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের সাথে শুভেচ্ছামূলক মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, চিনিশিল্পটি বর্তমানে দারুন অর্থনৈতিক সংকটের মধ্যদিয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমান শিল্প বান্ধব সরকার হাজার হাজার শ্রমিক-কর্মচারী অন্ন, বস্ত, বাসস্থান ও তাদের পরিবারের কথা চিন্তা করে কোটি কোটি টাকা লোকসান দিয়েও দেশের রাষ্ট্রায়াত্ব ১৫ টি চিনিকল চালু রেখেছেন। তিনি বলেন বাংলাদেশে বছরে মোট চিনির চাহিদা ১৪ থেকে ১৬ লক্ষ মেঃটন। অথচ রাষ্ট্রায়াত্ব চিনিকলগুলো মোট চাহিদার এক চতূর্থাংশ আখের অভাবে উৎপাদন করতে পারে না। কাজেই মিলগুলো বাঁচিয়ে রাখতে হলে সদর দপ্তর নির্ধারিত প্রত্যেটি চিনিকলে আখ রোপনের লক্ষমাত্রার বিকল্প নেই। তিনি বেলা সাড়ে ১১ টা থেকে বিকাল পর্যন্ত মোবারকগঞ্জ চিনিকলের বিভিন্ন সাব-জোনের অধিন কয়েকজন আখ চাষির ক্ষেতে ২০১৮-১৯ মৌসুমের আগাম এসটিপি চারা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। এরমধ্যে ঘিঘাটি কেন্দ্রের অধিন ১৬ নং ইউনিটের শাহপুর গ্রামের আখ চাষি মোঃ আমিনুর রহমানের ১.০০ একর জমির জন্য ঈ-৩৭ জাতের বীজতলা চারা প্রদানের উদ্বোধন করেন। এরপর তিনি একই গ্রামের আদর্শ আখচাষী ইউসুপ আলীর বেশ কয়েকটি দন্ডায়মান আখক্ষেত পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোচিক চিনিকলের এমডি ইউসুপ আলী শিকদার, মহাব্যবস্থাপক (কৃষি) নঈম সিদ্দিকী, ডিজিএম (সম্প্র) সাইফুল ইসলাম, এ-সাবজোন প্রধান গৌতম কুমার মন্ডল, বি-সাবজোন প্রধান মাহমুদ গোলাম মোস্তফা, আখচাষি নুরুল ইসলাম খোকন, সিআইসি মোস্তফা আব্দুল জলিল, সিডিএ আব্দুস সালাম, আতিয়ার রহমান, মকবুল হোসেনসহ অন্যান্য আখ উন্নয়ন কর্মিবৃন্দ। পরিচালক মোশাররফ হোসেন পরে মিলের কর্মকর্তাদের সাথে নিয়ে বিকাল পর্যন্ত বিভিন্ন সাব জোনে গিয়ে দন্ডায়মান আখের ক্ষেত পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।