উপসর্গহীন আক্রান্ত ইজিবাইক চালক চষে বেড়িয়েছেন গোটা শহর

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৭ জুন, ২০২০, ৩:৪৮ অপরাহ্ন

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা।।

সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়া এলাকার ইজিবাইক চালক রাজু আহম্মেদ। কোন উপসর্গ নেই শরীরে তবে করোনা পজেটিভ এসেছে। বাড়ি লকডাউনের আগে ইজিবাইকে চষে বেড়িয়েছেন সাতক্ষীরা শহর। তিনি দাবি করেছেন, এই রিপোর্ট ভুল।

রাজু আহম্মেদ শহরের মধ্য কাটিয়া এলাকার আবুল হোসেনের ছেলে। রাজু আহম্মেদ জানান, ১০ দিন আগে আমি বৃষ্টিতে ভিজেছিলাম। তারপর গত ৮ জুন হালকা সর্দি ও জ্বর হয়। ছোট ভাই নমুনা পরীক্ষার জন্য অনুরোধ করলে তার কথামত ১০ জুন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে আসি। তারপর থেকে সর্দি, জ্বর কিছুই নেই আমি সুস্থ ও স্বাভাবিক আছি।

তিনি বলেন, এখন রিপোর্ট এসেছে আমার শরীরে নাকি করোনা পজেটিভ। অথচ কোন রকম উপসর্গ নেই। আগের মতই সুস্থ ও স্বাভাবিক রয়েছি। নমুনা দেওয়ার পর শহরে ইজিবাইক চালিয়েছি, চায়ের দোকানে চা খেয়েছি, ঘুরে বেড়িয়েছি। অসুস্থ বোধ করছি না। আমি মনে করি, এই রিপোর্টটি ভুল এসেছে। আমার শরীরে করোনা নেই। গতকাল বাড়ির সামনে লাল পতাকা তুলে লকডাউন করে দিয়েছে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী সালাউদ্দীন জানান, মধ্যকাটিয়ায় করোনা আক্রান্ত হওয়া ওই ব্যক্তি একজন ইজিবাইক চালক। তার শরীরে করোনা পজেটিভ রিপোর্ট আসায় পুলিশের কুইক রেসপন্স টিম তার বাড়ি লকডাউন ঘোষনা করেছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার জানান, উপসর্গ ছাড়াই করোনা আক্রান্ত হতে পারে।

আগামী ১৪ দিন পর পুনরায় ইজিবাইক চালক রাজুর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। সে যদি দাবি করে রিপোর্ট ভুল তবে আবার পরীক্ষার পর সেটি জানা যাবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ