পাবনা প্রতিনিধি।।
ডিবি পুলিশ পরিচয়ে এক বাড়িতে তল্লাশি চালানোর সময় পথচারীসহ পাশের বাড়ির লোকজন ডিবি পুলিশ পরিচয় প্রদানকারীদের একজনকে চিনতে পেরে রিপন (২৮) নামের একজনকে আটক করে।
খবর পেয়ে ডিবি পুলিশ পরিচয় প্রদানকারীদের অপর সহযোগীরা ঘটনাস্থলে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আটককৃত রিপনকে উদ্ধার করে নিয়ে যায়।
বৃহস্পতিবার (০৬ জুন) দুপুরে পাবনা ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের কদিমপাড়াস্থ (বেনজির মন্ডলের ধানের চাতাল সংলগ্ন) মৃত হারেজ উদ্দিনের ছেলে হাবিবুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে।
রাত আনুমানিক ৮টার দিকে ওই বাড়ির পুরুষরা বাড়িতে ফিরে বিষয়টি জানতে পেরে ওই ভুয়া ডিবি পুলিশের সদস্য রিপনকে আটক করে থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে আটক করে থানায় নিয়ে আসে। আটক ভুয়া ডিবি পুলিশ রিপন উপজেলার সলিমপুর ইউনিয়নের চরসলিমপুর গ্রামের কালুর ছেলে।
হাবিবের ভাতিজা চপল জানান, বৃহস্পতিবার দুপুরে তার বোন তার স্বামীকে সঙ্গে করে ঈদ উপলক্ষে শ্বশুর বাড়ি নাটোরের গুরুদাসপুর থেকে বাবার বাড়ি কদিমপাড়ায় আসছিল।
এই সময় রিপন, সাইফুল, ইমনসহ আরো একজন উপজেলার দাশুড়িয়া থেকে তাদের অনুসরণ করে বাড়িতে চলে আসে। তারা বাড়িতে প্রবেশ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার বোনের ব্যাগসহ বাড়ির বিভিন্ন আসবাবপত্রে তল্লাশি চালায়। এই সময় বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না।
চপল আরো জানান, তল্লাশি চলাকালে পথচারীসহ পাশের বাড়ির লোকজন ডিবি পরিচয় প্রদানকারীদের একজন রিপনকে চিনতে পেরে আটক করে।
এই সময় রিপনের অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। পরে তার অন্যান্য সহযোগীরা এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে রিপনকে ছাড়িয়ে নিয়ে যায়।
রাতে বাড়ির সবাই বিষয়টি জানতে পেরে রিপনকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
হাবিবের ছোট ভাই আবু তালেবসহ অন্যান্যরা জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে নিজেদের ডিবি ও থানা পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন বাড়িসহ রাস্তায় দাঁড়িয়ে যানবাহনে তল্লাশি চালায়।
সম্প্রতি একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে একটি মেয়েকে আটক করার ঘটনাও ঘটেছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ শক্তি প্রকল্পের ক্যাম পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তি রিপনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তারা ডিবি পুলিশের কেউ না।
জিজ্ঞাসাবাদে রিপন নিজেকে পুলিশের কথিত সোর্স হিসেবে দাবি করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
You must be logged in to post a comment.