পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যস্ততা বেড়েছে কামারপাড়া গুলোতে। কুরবানির ঈদ উপলক্ষে হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে মুখরিত কামারপল্লীগুলো। লোহা পুড়িয়ে লাল করে পিটিয়ে দিনরাত ধারালো দা, বটি, ছুরি, চাপাতি তৈরিতে ব্যস্ত কারিগররা।
তবে, ঈদের সময় ঘনিয়ে এলেও মহামারি করোনা ভাইরাসের কারনে তেমন বেঁচাকেনা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা। এছাড়াও পুরানো অস্ত্রগুলোতেও চলছে শান দেওয়ার কাজ।
কামারপাড়া গুলে ঘুরে ঘুরে দেখা যায়,সকল কামারই ঘর্মাক্ত হয়ে আছেন। লোহা পুড়িয়ে লাল করে ইচ্ছেমত পিটিয়ে ধারালো অস্ত্র তৈরিতে ব্যস্ত তারা। কোনো দিকে তাকানোর তো দূরের কথা, খাওয়ার সময়টুকু নেই তাদের। এছাড়াও কোরবানির ঈদে কাজের চাপ বেশি হওয়ায় অনেক মৌসুমি কামারও অস্থায়ী দোকান বসিয়ে দা-ছুরি শান দেওয়ার কাজ করছে।
কামারদের সাথে কথা বলে জানা যায়, বটি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। আকৃতি ও লোহা ভেদে ৩০০ থেকে ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে দা, ছুরি প্রতিটি ৫০ থেকে ৩০০ টাকা। হাড় কোপানোর চাপাতি (স্প্রিংয়ের) কেজি প্রতি ৫০০ থেকে ৬০০ টাকায়, আর সাধারণ লোহার চাপাতি কেজি প্রতি ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও গরু জবাইয়ের ছুরি প্রতিটি ৮০০ থেকে ১০০০ টাকা এবং ধার দেওয়ার স্টিল প্রতিটি ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। পুরনো যন্ত্রপাতি শান দিতে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
পৌরসভার কামারপাড়ার কারিগর বিষ্ণু কর্মকার বলেন, ‘৪০ বছর ধরে এই পেশায় আছি। প্রতি বছরই এসময়টায় অনেক ব্যস্ত থাকি। দিন যত গড়াবে ব্যস্ততা ততোই বাড়বে। এসময় প্রতিদিন খুব সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করি। চলবে ঈদের আগের দিন পর্যন্ত। ঈদের আগের দিনে অনেক অর্ডার ফেরত দিতে হয়। কোরবানির ঈদের আগের ১ সপ্তাহ দোকান ভেদে ভাল আয় হয়। ঈদের আগের রাত পর্যন্ত কাজ করে ঈদের দিন সকালে গ্রামের বাড়ি যায়।’
আরেক কামার মোঃ সমির মোল্লা বলেন, ‘যত কাজ তত টাকা। ভাত খাওয়ার সময় পাই না। ঈদের তিন দিন আগে থেকে বেশি ব্যস্ততা শুরু হয়। তবে এবার করোনায় কাজ কম।’
এদিকে ক্রেতাদের অভিযোগ , ঈদ মৌসুমে ক্রেতা সমাগম বেশি হওয়ায় কামাররা ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন। অন্য সময়ের তুলনায় প্রত্যেকটা সরঞ্জামের দাম ১০০ থেকে ১৫০ টাকা বেশি নিচ্ছেন।
সাতক্ষীরা বড়বাজারে আসা ক্রেতা লোকমান হোসেন বলেন, ‘এখন প্রত্যেকটা ছুরি এবং বটির দাম বেশি নিচ্ছে। ঈদ আসলেই তারা এমনটা করে।’
দাম বাড়ানোর কারণ জানতে চাইলে একজন কামার বলেন, ‘আমরা টিনমেপে কয়লা কিনি। গত বছর কয়লার টিন ৪০ থেকে ৪৫ টাকা হলেও এবার ৫০ থেকে ৬০ টাকা। এছাড়া গত বছরের তুলনায় এ বছর স্প্রিংয়ের দামও বেশী’।
You must be logged in to post a comment.