আরাফাত, ইবি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) ভর্তি যুদ্ধের আবেদন শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর থেকে। ২০১৮-১৯ ইং শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১০ অক্টোবর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ৪ থেকে ৭ নভেম্বর আসন্ন ২০১৮-১৯ ইং শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মেধা তালিকা থেকে ২ হাজার ২৭৫ জন এবং কোটা থেকে ১৬১জন শিক্ষার্থী ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগের ভর্তি পরীক্ষা ৪টি ইউনিটে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় ধর্মতত্ত্ব অনুষদভুক্ত বিভাগগুলো ‘এ’ ইউনিটে, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং আইন ও শরিয়াহ অনুষদভুক্ত বিভাগগুলো ‘বি’ ইউনিটে, ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত বিভাগগুলো ‘সি’ ইউনিটে এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভূক্ত বিভাগগুলো ‘ডি’ ইউনিটে অনুষ্ঠিত হবে।
এ বছর ভর্তি পরীক্ষার মান বন্টনে আনা হয়েছে কিছু পরিবর্তন। প্রথম বারের মত লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা গেছে, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ শিক্ষাবর্ষ থেকে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষায় এমসিকিউ থাকবে ৬০ নম্বর, লিখিত ২০ নম্বর এবং এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে (২০+২০) ৪০ নম্বর।
উল্লেখ্য ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
You must be logged in to post a comment.