ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল কুরআন রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করার আশ্বাস দিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী।
রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ৪২৭ নং কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপ-উপাচার্য বলেন, জুলাই আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করছি। আমি আল কুরআন বিভাগ থেকে উপ-উপাচার্য হয়েছি। এখানে আল কুরআন ইনস্টিটিউট নামে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি একটি আল কুরআন রিসার্চ সেন্টারও প্রতিষ্ঠা করা হবে। দায়িত্ব পালনকালে আমার কোনো ভুল হলে আপনারা পরামর্শ দিবেন। যথাযথভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অতিথি হিসেবে ছিলেন বিভাগটির অধ্যাপক ড. সাইফুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক ড. আ.ফ.ম. আকবর হোসাইন এবং অধ্যাপক আবূ নোমান মোঃ এরশাদ উল্লাহসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আল কুরআন বিভাগের মর্যাদা অনন্য। এই বিভাগে পড়ে হীনমন্যতায় ভুগা যাবেনা। তোমরা হবে জাতির কাণ্ডারী। তোমরাই জাতিকে পথ দেখাবে। তোমাদের কাজ কুরআনের সত্য মানুষের কাছে তুলে ধরা। এই বিভাগের শিক্ষার্থীরা ইসলাম এবং আধুনিক জ্ঞানের সমন্বয়ে গড়ে উঠবে। আমি বিভাগের সভাপতিকে একটি কুআন রিসার্চ সেন্টার করার পরামর্শ দিয়েছি।
বিভাগ থেকে কুরআনের উপরে বিভিন্ন কর্মশালা আয়োজন করবেন। যাতে সাধারণ মানুষ উপকৃত হবে। এই বিভাগের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হয়েছেন। আমি মনে করি বিভাগের বদৌলতে অধ্যাপক এম. এয়াকুব আলী উপ উপাচার্য হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। আমি উপাচার্য হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করবো। আল কুরআন বিভাগের উন্নতির জন্য উপ-উপাচার্যই যথেষ্ট।
You must be logged in to post a comment.