এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) জানুয়ারির এমপিও ছাড়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট) লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছেন।
চতুর্থ ধাপে স্কুল- কলেজের মোট ৩ লাখ ৪৮ হাজার ৭৬১ শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ছাড় হয়েছে। তার মধ্যে স্কুলের ২ লাখ ৬৮ হাজার ২৩৪ জন ও কলেজের ৮০ হাজার ৫২৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি (আংশিক-লট-১) মূল বেতনের ৬ শতাংশ অবসরভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত ৪৮ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৫০৭ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে।
এছাড়া মূল বেতনের ৪ শতাংশ কল্যাণ ট্রাস্ট তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত ৩২ কোটি ২০ লাখ ৬৫ হাজার ৮৩৮ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে। বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ ৮৪৩ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৯৯০ টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য মঞ্জুর করা হয়েছে।
মাউশির মাধ্যমিক উইং এর উপ-পরিচালক মোঃ ইউনুছ ফারুকী জানান, ডিসেম্বর -২০২৪ মাসের ১ম থেকে ৪র্থ লট পর্যন্ত যারা বেতন-ভাতা পেয়েছেন তারা সকলেই একই সঙ্গে জানুয়ারি-২০২৫ মাসের বেতন-ভাতা পাবেন। এক্ষেত্রে ইএফটির বিল সাবমিট অপশনে গিয়ে প্রতিষ্ঠানগণকে তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বিল সাবমিট করতে হবে।
তিনি আরো জানান বিল সাবমিট অপশনটি আগামী সপ্তাহের প্রথম দিকে মাউশির ওয়েবসাইটে আপ হবে।
You must be logged in to post a comment.