আসন্ন দুর্গাপূজার সব প্রস্তুতি সম্পন্ন; সাতক্ষীরা জেলায় পূজা হবে ৫৬১টি মন্ডপে

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা।।  
সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ১:৫৭ অপরাহ্ন

আকাশে সাদা মেঘের ভেলা, আর দিগন্তের কাশফুল জানান দিচ্ছে শারদীয় দুর্গা উৎসবের। দশভুজা দেবী দুর্গার আগমনী বার্তায় উল্লসিত হিন্দু ধর্মাবলম্বীরা। তাই দেবী দুর্গাকে বরণ করে নিতে সাতক্ষীরার পূজা ম-পগুলোতেও লেগেছে উৎসবের আমেজ। কোথাও চলছে মাটির কাজ আবার কোথাও প্রতিমাকে রাঙিয়ে তুলতে দিনরাত কাজ করছেন প্রতিমা শিল্পীরা।

তবে করোনার প্রাদুর্ভাবের কারণে ভাটা পড়তে যাচ্ছে দুর্গাপূজার উৎসবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এবার ধর্মীয় রীতি পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। থাকবে না উৎসবের আমেজ এবং আয়োজন। স্বাস্থ্যবিধি পালন এবং করোনার সংক্রমণের ঝুঁকি বিবেচনায় নিয়ে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ২২ অক্টোবর শুরু হবে দুর্গাপূজা। বিগত বছর জেলার ৫৮৪টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও এবার সাতক্ষীরা সদর ও পৌরসভাতে ৯৭, কলারোয়া ও কলারোয়া পৌরসভায় ৪১, আশাশুনিতে ১০৪, তালাতে ১৮২, দেবহাটাতে ২১, কালিগঞ্জে ৫১ ও শ্যামনগরে ৬৫টি দুর্গাপূজার ম-প মিলিয়ে এবার জেলায় ৫৬১টি ম-পে পূজার আয়োজন চলছে। করোনার কারণে গত বছরের চেয়ে এবার ২৩টি ম-পে পূজা হচ্ছে না। প্রতি বছরই ম-পের সংখ্যা বাড়লেও এবার কমেছে।
সরেজমিনে সাতক্ষীরা পৌর এলাকার মায়ের বাড়ি মন্দির, কাটিয়া মন্দির, বড়বাজার মন্দির, নারকেল তলা মন্দিরসহ জেলার বিভিন্ন পূজাম-প ঘুরে দেখা যায় কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল-তিল করে গড়ে তোলা দেবী দুর্গার প্রতিমায় রং তুলির কাজ করতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। অধিকাংশ মন্দির গুলোতে মায়ের আগমন উপলক্ষে ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় মৃম্ময়ী প্রতিমা ধীরে ধীরে দেবী রূপ ধারন করছে।

করোনা মহামারি থেকে বিশ্ববাসীকে মুক্তির প্রার্থনা জানিয়ে শারদীয়া দূর্গোৎসব উদযাপনের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছে বিভিন্ন মন্দিরগুলোর আলোকসজ্জার কাজ। কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাওয়া সনাতন ধর্মীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনে নিজেদের মতো করে প্রস্তুতিও গ্রহণ করছেন সনাতন ধর্মের মানুষ। দেবী দুর্গাকে বরণ করার পাশাপাশি পূজাকে আরও রঙিন করে তুলতে প্রস্তুত পূজারিরাও। তবে এবার করোনার প্রভাবে পূজা ম-পের সংখ্যা আগের তুলনায় কম। অপরদিকে ন্যায্যমূল্য না পাওয়ায় প্রতিমা শিল্পী ও কারিগরদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা। করোনার প্রভাব পড়েছে প্রতিমা শিল্পতেও। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির ঊর্ধ্বগতির পাশাপাশি অধিক টাকায় কারিগর নিয়োজিত করায় মুনাফা বঞ্চিত হচ্ছেন বলে জানান প্রতিমা শিল্লীরা।

এবিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজ রহমান পিপিএম (বার) বলেন, পূজা আয়োজনে সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার ব্যাপারে জেলা পুলিশ সতর্ক থাকবে। দর্শকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য সকলের কাছে আহবান জানানো হয়েছে। শান্তি শৃংখলা রক্ষায় মন্ডপ গুলোতে সরকারি এবং স্থানীয় উভয় পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, করোনার সংক্রমণ ঝূকিঁ এড়াতে প্রতিটা ম-পে একসাথে ২০জনের বেশি দর্শনার্থী প্রবেশ করতে পারবেনা এবং প্রত্যেক ব্যক্তিকে মাস্ক পরিধান করে মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে। এছাড়াও প্রত্যেকটা মন্দিরের প্রবেশমুখে হাত ধোওয়ার ব্যবস্থা গ্রহণ করতে মন্দির কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্দিরগুলোতে কোনপ্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না এবং প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে তাদেরকে নির্দিষ্ট সময় ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানান তিনি।

এসময় তিনি বলেন, মন্দিরগুলোতে লোক সমাগম এড়াতে ইতোমধ্যে ভার্চুয়ালি পূজা প্রচার কার্যক্রম ও ক্যাবল অথবা ফেসবুকে লাইভ স্ট্রিম করে পূজা প্রচারের কার্যক্রম প্রচারণা করা যায় কিনা সে বিষয়ে পূজা উদযাপন কমিটিকে পরামর্শ দেওয়া হয়েছে। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সকল সনাতন ধর্মাবলম্বী মানুষ যাতে নির্বিগ্নে তাদের উৎসব পালন করতে পারে সে বিষয়ে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছি। এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে র‌্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন সার্বক্ষনিক নিরাপত্তায় থাকবে বলে জানান তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ