চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
আলমডাঙ্গায় হাসিবুল নামের এক যুবককে কুপিয়ে হত্যার একদিন পর আবারো এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রবিবার সন্ধ্যার পর রাজিব নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রাজিব আসমানখালির মোচাইনগর গ্রামের সোনা মিয়ার ছেলে। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
থানার সেকেন্ড অফিসার জিয়াউর রহমান জানান, রাজিব সন্ধ্যার পর মোচাইনগর গ্রামের কাওছার আলীর ছেলে ফিরোজের আলমসাধুযোগে আসমানখালি বাজার থেকে বাড়ি ফিরছিল। তারা আসমানখালি ও নানবার গ্রামের মাঠের মাঝামাঝি পৌঁছলে ৩/৪ জনের একটি দুর্বৃত্তের দল গাড়ি থামাতে বলে। গাড়ি চালক ফিরোজ কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে বসা রাজিবকে দুর্বৃত্তরা রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এরপর তারা স্থান ত্যাগ করে। ঘটনাস্থলেই রাজিবের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, কি কারনে কারা রাজিবকে হত্যা করেছে তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। তবে খুব দ্রুত হত্যার রহস্য উদঘাটন করা যাবে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে।
You must be logged in to post a comment.