ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আফগানিস্তানে আমেরিকা ও ন্যাটোর উপস্থিতি ধ্বংসযজ্ঞ ও হত্যালীলা ছাড়া দেশটিকে আর কিছু দিতে পারেনি।
এছাড়া, মার্কিন ও ন্যাটো জোটের সেনারা আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জন্যও নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।
তিনি সোমবার রাজধানী তেহরানে লাটভিয়ার নয়া রাষ্ট্রদূত প্যাটরিস ভাইভারাসের পরিচয়পত্র গ্রহণ করে একথা বলেন। প্রেসিডেন্ট রায়িসি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে লাটভিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক সব সময় কাঙ্ক্ষিত পর্যায়ে ছিল।তিনি বলেন, এশিয়ার সঙ্গে লাটভিয়ার বাণিজ্যিক লেনদেনে ইরান সাশ্রয়ী মূল্যে ট্রানজিট সুবিধা দিতে প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন : আন্তর্জাতিক আইনে আল-আকসা মসজিদকে সুরক্ষা দিতে হবে : ইরান
বিশ্বব্যাপী আমেরিকার একাধিপত্য প্রতিষ্ঠার তৎপরতার নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্বে এক দেশের আধিপত্য প্রতিষ্ঠা হয় কিংবা যুদ্ধ বয়ে আনে এমন যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে যাবে ইরান। তিনি আফগানিস্তান ও ফিলিস্তিন প্রসঙ্গ তুলে ধরে বলেন, দু’টি সমস্যাই পশ্চিমাদের সৃষ্টি এবং ইউক্রেনের চলমান সংকটের অজুহাতে ওই দুই সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে রাখার কোনো সুযোগ নেই।
এ সময় লাটভিয়ার রাষ্ট্রদূত ইরানের সঙ্গে তার দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের শতবার্ষিকীর কথা স্মরণ করে বলেন, পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে তেহরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায় তার দেশ। -পার্সটুডে
You must be logged in to post a comment.