এস এইচ, পাবনা।।
পাবনার নগরবাড়ি ঘাট এলাকাকে আন্তর্জাতিক নদী বন্দরের সুবিধাসহ আধুনিক নদীবন্দর করা হচ্ছে। ফলে আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে নগরবাড়ি ঘাট এলাকায়। এক সময়ে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে যাতায়াতের একমাত্র প্রবেশদ্বার ছিলো এই নগরবাড়ি ঘাট। ১৯৯৮ সালে বঙ্গবন্ধুসেতু চালুর পর নিস্তব্ধতা নেমে আসে ব্যস্ততম এ ঘাটে। প্রায় ৫১৪ কোটি টাকা ব্যয়ে সেখানে নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানের নদীবন্দর।
জমি অধিগ্রহণসহ প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। ব্যবসায়ীরা বলছেন, এতে নতুন করে গতি আসবে পাবনার আর্থ-সামাজিক উন্নয়নে। গত বছরের ১৯ মে একনেক সভায় নৌবন্দর নির্মাণে প্রায় ৫১৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়। এরপর এর ভিত্তিপ্রস্তর স্থাপনকরেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এরইমধ্যে শ্রমিকদের পদচারণায় কর্মচাঞ্চল্য ফিরেছে নগরবাড়ি নৌবন্দরে। জাহাজের পণ্য উঠানামার কাজে ব্যস্ত সময় কাটছে তাদের। খেটে খাওয়া মানুষদের প্রত্যাশা, ভাগ্য ফিরবে স্থানীয়দের।
জাহাজ চলাচলের জন্য বন্দর নির্মাণের সাথে নদী ড্রেজিং করাও জরুরি বলছেন, জাহাজ চালকরা। ব্যবসায়ীরা বলছেন, নগরবাড়িতে নদী বন্দর নির্মাণের মাধ্যমে খুলে যাবে সম্ভাবনার দুয়ার। নৌবন্দর নির্মাণের পর নগরবাড়িসহ পাবনার আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন ঘটবে বলে আশা সকলের।
You must be logged in to post a comment.