আদমজী ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ : সংঘর্ষ, আগুন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২২ অক্টোবর, ২০১৮, ৯:৩৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সোয়াদ ফ্যাশন নামক রফতানিমুখী একটি গার্মেন্টের শ্রমিকরা বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। এসময় পুলিশ তাদরেকে বাধা দিলে পুলিশের সাথে তাদের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ আহত হয়েছেন অন্তত অর্ধশত শ্রমিক। এসময় শ্রমিকরা একটি কাভার্ডভ্যানে আগুন দেয়।

সোমবার সকাল ৮টায় প্রথমে আদমজী ইপিজেডের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় সোয়াদ ফ্যাশনের শ্রমিকরা। পরে পুলিশ তাদেরকে সরিয়ে দিতে চাইলে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিকরা অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করে এবং একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে ও শ্রমিকদের উপর লাঠিচার্জ করে। এতে তিন পুলিশ সদস্যসহ আহত হন অন্তত অর্ধশত শ্রমিক।

শ্রমিককরা অভিযোগ করেন, সেখান থেকে সাতজন শ্রমিককে আটক করেছে পুলিশ। আহত শ্রমিকদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইতিপূর্বে ২২ সেপেম্বর বকেয়া বেতন, ছুটি ও ফান্ডের টাকা পরিশোধ না করায় এবং শ্রমিকদের না জানিয়ে কারখানা বন্ধের নোটিশ দেয়ায় বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছিল।

আজ তাদের বকেয়া বেতন দেয়ার কথা ছিল বলে জানায় শ্রমিকরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর পৌনে ১২টা) পর্যন্ত আদমজী ইপিজেড সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, সোয়াদ ফ্যাশনে সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করছে। ৫-৬ মাস ধরে ঠিকমতো বেতন পরিশোধ করছে না কারাখানা কর্তৃপক্ষ। সেই সাথে বোনাস, ছুটি ও রিজার্ভ ফান্ডের টাকাও দেয়া হয়নি। এ অবস্থায় এসব পোশাক শ্রমিকরা বাসা ভাড়াসহ সংসার চালানো নিয়ে শঙ্কা প্রকাশ করছে।

শিল্প পুলিশ-৪ এর এসপি জাহিদুর রহমান জানান, শ্রমিকরা অবস্থান নিয়ে আছে, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কোনো শ্রমিককে আটক করা হয়নি বলে জানান তিনি। তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে।

সোয়াদ ফ্যাশনে কর্মরত মোসাম্মদ বেগম নামে এক শ্রমিক জানায়, ‘আমাদের সম্পূর্ণ পাওনা পরিশোধ না করে কর্তৃপক্ষ হঠাৎ কাউকে কিছু না জানিয়ে কেন কারাখানা বন্ধ করে দিলো? আমরা ঘর ভাড়া দেবো কোথা থেকে আর খাবার যোগাবো কোথা থেকে? এছাড়া আমরা এই মুহূর্তে কোথায় চাকরি পাবো? আমরা আমাদের পরিবার নিয়ে খুবই হতাশায় আছি। আমরা আমাদের সব পাওনা চাই। আমাদের ৪ মাস ১৩ দিনের সম্পূর্ণ বেতন দিতে হবে। এজন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

একই কারখানার শ্রমিক মো: সবুজ জানান, আমরা বেপজার কর্মকর্তাদেরকে বিষয়টি অবহিত করেছি। তারা বলেছে, এ ব্যাপারে তারা কিছুই জানে না। অথচ এর আগে মালিক পক্ষ বেতন নিয়ে গড়িমসি করে।

এদিকে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা সকাল থেকে ইপিজেড গেট সংলগ্ন শিমরাইল-আদমজী-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে রাখায় সকাল থেকেই সড়কের দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সড়কটিতে একেবারেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ