আওয়ামী লীগের কাছে ১০০ আসন চায় সংসদের প্রধান বিরোধী দল (জাপা)

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৯:১০ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে ১০০ আসন চায় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই দাবী করেছেন।

বৃহস্পতিবার তিন দিনের ব্যক্তিগত সফরে রংপুর এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আওয়ামী লীগের কাছে ১০০ আসনের তালিকা দিয়েছি। এর মধ্যে ৭০ আসন তো পেতে পারি।’

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ নিজে এবার তিন আসন থেকে নির্বাচন করবেন জানিয়ে বলেন, ‘এর মধ্যে ঢাকা-১৭ ও রংপুর-৩ রয়েছে। আর বাকিটা সময়ে বলে দেবে।’

জাতীয় ঐক্যে বিএনপির যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি জাতীয় ঐক্যে যোগ দিলে কতটা শক্তিশালী হবে তা বলতে পারব না। তবে যদি বিএনপি আসে, আমি তো আওয়ামী লীগের সঙ্গেই থাকব’।

‘জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে থাকলে মহাজোটকে কেউ হারাতে পারবে না। যতই জাতীয় ঐক্য হোক না কেন, তারা মহাজোটের ধারেকাছেও আসতে পারবে না।’

নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ বলেন, ‘ইভিএম পদ্ধতি বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেনি। বৃহৎ জনগোষ্ঠীর কাছে গ্রহণযোগ্যতা পায়নি। এ কারণে আমি নিজেও ইভিএম পদ্ধতি পছন্দ করি না।’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির এরশাদের সঙ্গে ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ