আইপিএলে শুক্রবার রাতে ঝড় বইয়ে দিলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।
কিউই পেসার ট্রেন্ট বোল্টের এক ওভারের সবগুলো ডেলিভারি বাউন্ডারির বাইরে পাঠিয়ে দ্রুততম হাফসেঞ্চুরি করেন।
রাজস্থানের বিপক্ষে ১৯ বলে ৫১ রান সংগ্রহ করেন চেন্নাই সুপার কিংসের এই ব্রিটিশ তারকা। ৫৭ বলে ৯৩ রান করে থামেন তিনি।
ম্যাচের প্রথম ওভারেই রাজস্থানকে সফলতা এনে দেন ট্রেন্ট বোল্ট। ওভারের শেষ বলে রুতুরাজ গায়কোয়াড়কে সাজঘরে ফেরান।
এরপর ব্যাট হাতে নেমে প্রথম ৪ বলে রানের খাতা খুলতে পারেননি মঈন। প্রসিধ কৃষ্ণাকে সমীহ করেন তিনি।
তৃতীয় ওভারে কোনো বল খেলার সুযোগ পাননি মঈন। চতুর্থ ওভারে প্রসিধ কৃষ্ণা এলে এবার ছাড় দেননি মঈন। প্রসিধ কৃষ্ণাকে তুলোধোনা করেন মঈন। তার প্রথম বলে চার মেরে খাতা খোলেন। প্রসিধের সেই ওভারে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় মোট ১৮ রান সংগ্রহ করেন মঈন।
তাতেই মন ভরেনি মঈনের। পঞ্চম ওভারে স্পিন-অলরাউন্ডার অশ্বিনের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন।
ষষ্ঠ ওভারে ট্রেন্ট বোল্টের ৬টি বলকেই বাউন্ডারির বাইরে পাঠিয়ে ২৬ রান সংগ্রহ করেন ব্রিটিশ তারকা। প্রথম বলে ছক্কা মারেন। পরের ৫টি বলে ৫টি চার মারেন মঈন। সেই ওভারের ৬টি বলে ৬, ৪, ৪, ৪, ৪ ও ৪ রান আসে মঈনের ব্যাট থেকে।
১৯ বলে ফিফটি করেন মঈন। এতে চেন্নাইয়ের হয়ে দ্রুততম ফিফটি করা বিদেশি খেলোয়াড়ের রেকর্ডটি দখল করেন তিনি।
মঈনের ব্যাটিং তাণ্ডবে পাওয়ারপ্লেতেই ৭৫ রান তুলে ফেলে চেন্নাই।
মঈনের এই টর্নেডো ব্যাটিং উপভোগ্য হলেও খুশি মনে বাড়ি ফিরতে পারেনি চেন্নাইয়ের সমর্থকরা।
কারণ মঈন আলি একাই খেলেছেন। বাকিরা চোখে পড়ার মতো স্কোর গড়তে পারেননি। ফলে ১৫১ রানের বেশি লক্ষ্য ছুঁড়কে পারেনি চেন্নাই।
জবাবে অলরাউন্ডার অশ্বিনের ২৩ বলে ৪০ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।
চেন্নাইকে ৫ উইকেটে হারিয়ে সেরা দুইয়ে থেকে কোয়ালিফায়ার ১-এ খেলা নিশ্চিত করেছে দলটি।
You must be logged in to post a comment.