নাজমুল হুদা, মংলা, (বাগেরহাট) ।।
‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’প্রাপ্ত ও বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী ইতালির খ্রিস্ট ধর্মযাজক ফাদার মারিনো রিগনকে মংলায় সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেছে।
রবিবার সকালে ঢাকা থেকে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে তার দেহাবশেষ মংলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনা হয়। সেখান থেকে শোভাযাত্রা সহকারে উপজেলা মাঠে আনা হলে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানায়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় ফাদার রিগনকে। এসময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, ইতালিয়ান রাষ্ট্রদূত মারিও পালমা, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, ফ্রান্সিস সুদান হালদার, শেখ আব্দুর রহমান,ইব্রাহিম হোসেন, গোলাম সরোয়ার, শেলাবুনিয়া ধর্মপল্লির পালক পুরোহিত ফাদার সেরাফিন সরকার, বিভিন্ন সরকারি ও সামাজিক প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তাসহ অসংখ্য ভক্ত ও মংলার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরের পরে তার দেহাবশেষ নিয়ে যাওয়া হয় শেলাবুনিয়ায় অবস্থিত সাধুপর ক্যাথলিক চার্জ মিশনে। ফাদার রিগনের শেষ ইচ্ছা অনুযায়ী সেখানেই তাকে সমাহিত করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান রাখার পাশাপাশি এদেশের মানুষের কল্যাণে নিবেদিত এই মহান ব্যক্তি ২০১৭ সালের ২০ অক্টোবর ইতালিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সরকার ফাদার রিগনের শেষ ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে তার দেহাবশেষ বাংলাদেশের মাটিতে তারই স্থাপিত শেলাবুনিয়া সাধুপর ক্যাথলিক গীর্জার পাশে সমাহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে। ফাদার মারিনো রিগন ১৯২৫ সালের ৫ ফ্রেব্রুয়ারি ইতালির ভেনিসের অদূরে ভিন্নাভেরলা গ্রামে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মযাজক হিসেবে তিনি ১৯৫৩ সালে বাংলাদেশে আসেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে শেষে তিনি মংলার শেলাবুনিয়া গ্রামে একটি চার্চ ও একটি স্কুল প্রতিষ্ঠা করেন এবং ওই গ্রামেই তার স্থায়ী আবাস গড়ে তোলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি ছিল তার অকুণ্ঠ সমর্থন। যুদ্ধ চলাকালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিতে নিজের প্রতিষ্ঠিত চার্চে গোপনে একটি চিকিৎসা ক্যাম্প স্থাপন করেছিলেন তিনি। তার এই ক্যাম্পে চিকিৎসাসেবা নিয়ে অনেক মুক্তিযোদ্ধা সুস্থ হয়ে পুনরায় রণাঙ্গনে ফিরে গেছেন। তাদের মধ্যে বিখ্যাত হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন বীর বিক্রমও ছিলেন। মুক্তিযুদ্ধে ফাদার মারিনো রিগনের অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ২০০৯ সালে সম্মানসূচক নাগরিকত্ব দেয়। এরপর ২০১২ সালে দেয় ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’। তিনি সেন্ট পলস উচ্চ বিদ্যালয়, সেন্ট পলস হাসপাতাল সহ মোট ১৭ টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি নারীদের কর্মসংস্থানের জন্য প্রতিষ্ঠা করেন সেন্ট পলস সেলাই কেন্দ্র।
বাংলাদেশে বসবাসের পর থেকে তিনি বাংলা ভাষা শিখতে শুরু করেন এবং বাংলা সাহিত্যের প্রতি তার কৌতূহল ও নিবিড় ভালবাসার জন্ম হয়। তিনি রবীন্দ্রনাথের রচনাবলি, লালনের সংগীত ও দর্শনের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন। তার মাধ্যমে ইতালিয়ান ভাষায় অনূদিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলী’সহ প্রায় ৪০টি কাব্য, জসীমউদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ’ সোজন বাদিয়ার ঘাট ও অন্যান্য কাব্যগ্রন্থ, লালনের গানসহ অসংখ্য সাহিত্যকর্ম। বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন তিনি।
You must be logged in to post a comment.