অগ্নিদগ্ধ মায়ের নিথর দেহ দেখতে পুলিশ ভ্যানে শিশু মোহাম্মদ হোসেন!

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯, ৮:৫৯ অপরাহ্ন

আবদুল মান্নান, কক্সবাজার।।

দীর্ঘ তিন বৎসর প্রেমের পর বিয়ের পিড়িতে বসে রুমা আক্তার। স্বামী ওয়াহিদুল্লাহর পরিবার এ বিয়ে মেনে নিতে পারেনি। শ্বশুর বাড়ির লোকদের অনেক নির্যাতন সহ্য করেও জীবন বাঁচার তাগিদে কোন রকম সংসার করে যাচ্ছিল অসহায় রুমা।

তবুও গত ২৮ জানুয়ারি স্বামী ওয়াহিদুল হক,তার ভাই মামুনুর রশিদ,মোরশেদ ও মা তফুরা বেগম রুমা আক্তারের দেহে কেরোসিনের আগুন ঢেলে দেয়। এ সময় রুমার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে একটি পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে অগ্নিদগ্ধ রুমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কয়েক দিন হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করে ৫ ফেরুয়ারী মঙ্গলবার পৃথিবীর পাষন্ড মানুষদের ছেড়ে পরকালে চলে যায়। শ্বশুরবাড়ির লোকজন রুমার অগ্নিদগ্ধ নিথর দেহ দাফনের আয়োজন সম্পন্ন করেছিল। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে বিষয়টি অবহিত করে।

ঈদগাহ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহাজ উদ্দীন ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান। এ সময় পুড়িয়ে মারা মায়ের লাশ দেখতে পুলিশের ভ্যানে উঠে যায় আড়াই বছরের অবুঝ সন্তান মোহাম্মদ হোসেন।

রুমা আক্তার(২৬) মৃত্যুর পর পাষন্ড স্বামী ওয়াহিদুল্লাহও তার পরিবার পলাতক রয়েছে। কক্সবাজার সদরের ঈদগাহ ইউপির দক্ষিণ মাইজ পাড়ার মৃত ওবায়দুল হকের ছেলে পাষন্ড ওয়াহিদুল্লাহ। স্ত্রী রুমা আক্তার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের দক্ষিণ পাড়ার গিয়াসউদ্দিনের মেয়ে। সে দুই ছেলে সন্তানের জননী।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ওপারেশন মো. মাইনউদ্দিন জানান, গৃহবধূ রুমা আক্তারের প্রথম স্বামী মারা যাওয়ার পর তিনি ওয়াহিদুল্লাহকে বিয়ে করেন। প্রথম ঘরে তার এক ছেলে রয়েছে। তার নাম রেদোয়ান (৭)। দ্বিতীয় স্বামীর ঘরের সন্তান হলো মোহাম্মদ হোসেন।

নিহত রুমা আক্তারের মামা আবদুল হক বলেন, প্রেম করে ওয়াহিদুল হকের সঙ্গে রুমা আক্তারের বিয়ে হয়েছিল তিন বছর আগে। তবে বিয়েটি মেনে নেয়নি শ্বশুরবাড়ির লোকজন।

এ বিষয়ে ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, গৃহবধূর মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ