ঝিনাইদহে বাস টার্মিনালের পার্শ্বে সৃজনী হারুনের তাজ ফিলিং স্টেশন (পেট্রোলপাম্পে) মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিরব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত প্রায় ১০টার দিকে ঝিনাইদহ পৌর এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
নিহত নিরব ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুজ্জামানের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের পৌর এলাকার ব্যাপারীপাড়ায় পালক পিতা আবুল কাশেমের কাছে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নিরব ও তার এক সঙ্গী মোটরসাইকেলে তেল নিতে সৃজনী হারুনের তাজ ফিলিং স্টেশনে যান।
এ সময় পাম্পকর্মীরা মোটরসাইকেলে তেল দিতে অপারগতা প্রকাশ করেন। পরে তারা সেখান থেকে ফিরে আসার সময় দেখতে পান, অন্য একজনকে পাঁচ লিটারের বোতলে তেল দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে পাম্পকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পাম্পকর্মীর লাঠির আঘাতে নিরব গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিরবের পালক পিতা আবুল কাশেম বলেন, মোটরসাইকেলে তেল না দিয়ে অন্যদের বোতলে তেল দেওয়ায় প্রতিবাদ করায় পাম্পকর্মীরা নিরবকে মারধর করে।
ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সুমন বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, তেল নেওয়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে লাঠির আঘাতে নিরবের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত মূল তিন আসামিকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।