৫ জানুয়ারির মতো আরেকটা নির্বাচন করে তারা ক্ষমতায় যেতে চায়: বিএনপি

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮, ১০:৪৮ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে চায়। অন্যান্য দল যাতে নির্বাচনে না আসে; সেই ব্যবস্থা করছে তারা। ৫ জানুয়ারির মতো আরেকটা নির্বাচন করে তারা ক্ষমতায় যেতে চায়।

শুক্রবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর, তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।

বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়ার মু‌ক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, গত কয়েক বছরে আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে, বিরোধীদলগুলোকে বাইরে রেখে নির্বাচনে যাওয়া। এজন্য বাংলাদেশের গণতন্ত্রে সবচেয়ে বেশি অবদান রাখার পরও খালেদা জিয়াকে জেলে নিয়েছে তারা এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করছে।

সুষ্ঠু নির্বাচনের জন্য গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ জরুরি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীনরা দেশে পুরোপুরিভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছেন। তাদের লক্ষ্যই হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। সে দিকেই তারা চলছে।

নির্বাচন কমিশনের সমালোচনা মির্জা ফখরুল বলেন, আমরা বলেছি, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। সরকার যা চাইছে, তারা তাই করছে। এই নির্বাচন কমিশনের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হবে না; তা আমরা বার বার বলেছি। এটা শুধু বিশ্বাসের কথা নয়, এটাই বাস্তবতা। বর্তমান কমিশন কখনই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে না।

সংস্কারপন্থী নেতাদের ফেরানোর বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, যারা দলের বাইরেও নিষ্ক্রিয় ছিলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ভূমিকা পালন করার জন্যই সক্রিয় করা হচ্ছে।

এদিকে, আগামীকাল (শনিবার) চট্টগ্রাম কাজীর দেউড়ির বিএনপির নগর কার্যালয়ের সামনে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। লাল দীঘি ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হলেও কাজীর দেউড়িতে সমাবেশের অনুমতি দেয় পুলিশ।

আজ (শুক্রবার) সকালে ঐক্যফ্রন্টকে এ অনুমতি দেয়ার কথা জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান।

লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। সকালে মহানগর বিএনপি কার্যালয়ে সমাবেশের প্রস্তুতি সভায় তারা অভিযোগ করে বলেন, এক সপ্তাহ আগে আবেদন করলেও মাত্র একদিন আগে লালদীঘি মাঠের পরিবর্তে কাজীর দেউড়িতে সমাবেশের অনুমতি পেয়েছেন তারা। প্রচারের সুযোগ না পেলেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে যোগ দেবেন বলে আশা জানান যুক্তফ্রন্ট নেতারা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ