সরিষাবাড়ীর মেয়রের শাস্তির দাবিতে থানা আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন

এম এ মান্নান,সরিষাবাড়ী-জামালপুর।।
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০, ৭:০৫ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত বিএনপির ডোনার ও রাজাকারের নাতি মো. রুকুনুজ্জামান রোকনের শাস্তির দাবি জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এমপি ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মো. মুরাদ হাসানকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন সহসভাপতি মুক্তিযোদ্ধা এম এ লতিফ। এছাড়া ৮টি ইউনিয়নে পৃথক মানববন্ধব অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির উদ্দিন, সহসভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা,  যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান এলিন, খোরশেদ আলম ভিপি, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, আওয়ামী নেতা ও বিআরডিবির চেয়ারম্যান কামাল পাঠান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মোফাজ্জল হোসেন,  পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী, কাউন্সিলর শ্রী কাঁলাচান পাল, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন প্রমুখ।

জানা যায়, মেয়র রুকুনুজ্জামান রোকন মঙ্গলবার (৪ আগস্ট) রাতে তার ফেসবুক আইডি থেকে লাইভে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপিকে নিয়ে আক্রমণাত্মক, বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও ভীতি প্রদর্শনমূলক মন্তব্য করেন। পরদিন বুধবার উপজেলা যুবলীগের সদস্য ছামিউল হক খান বাদি হয়ে সরিষাবাড়ী থানায় রোকনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরও মেয়র গ্রেফতার না হওয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় দলীয় নেতৃবৃন্দ মেয়র রোকনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ